প্রতিবেদন: ইউনেস্কোর নাম ব্যবহার করে দুর্গাপুজোর পাস বিক্রি করে ৫০ থেকে ৬০ কোটি টাকার আর্থিক ঘোটালার অভিযোগ উঠেছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন ও তাঁর স্ত্রী মধুছন্দা সেনের বিরুদ্ধে। সেই মামলায় মঙ্গলবার সকালে তাঁর কসবার বাড়ি, সিঙ্গুরের ফার্ম হাউস, কয়েকজন আত্মীয়ের বাড়ি ও সংস্থার কর্তাদের বাড়িতে তল্লাশি চালায় ইডি। তল্লাশির পর আজ বুধবার সকালে তাঁকে সিজিও কমপ্লেক্সে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর আগে প্রায় ১৬ ঘণ্টা তল্লাশির পর মঙ্গলবার রাত ১১টা নাগাদ প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের কসবার বাড়ি থেকে বেরিয়ে যান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কর্তারা। এখন দেখার ইডির তলবের জবাবে কী করেন প্রাক্তন মন্ত্রী। তিনিও অবশ্য সব অভিযোগ উড়িয়ে দিয়ে পালটা আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন। ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে অভিযোগ, মাস আর্ট নামে একটু সংস্থা পুজো পরিক্রমার টোপ দিয়ে বিপুল অঙ্কের টিকিট বিক্রি করেছিল। যা আদতে পুরোটাই ছিল ভুয়ো। তাদের প্রতারণার শিকার হয়ে জয়দীপ মুখোপাধ্যায় নামে এক ব্যক্তি বউবাজার থানায় গত জুন মাসে আর্থিক তছরূপের অভিযোগের দায়ের করেন। যদিও সেই সময় ইন্দ্রনীল সেন অভিযোগ অস্বীকার করেন। ওই মাস আর্ট সংস্থার অন্যতম কর্ণধার হলেন তাঁর স্ত্রী মধুছন্দা সেন।

Be the first to comment