কেন্দ্রের মন্ত্রী পরিবারের বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের

Spread the love

রোজদিন ডেস্ক : কেন্দ্রের মন্ত্রী নয়া আইন করেন, সুবিধা পায় তার পরিবার। এবার স্বজনপোষণ-এর অভিযোগে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করিকে নিশানা করল রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেস। তাদের অভিযোগ, গাড়িতে ইথানল ব্যবহার নিয়ে নীতি তৈরি করেছেন সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি। এর ফলে সাধারণ গাড়ি, বাইক মালিকরা অসুবিধায় পড়লেও ফায়দা তুলছেন মন্ত্রীর পরিবার। দলের পক্ষে এইদিন কিভাবে নীতিন গড়করির পরিবারের ইথানল নিয়ে ব্যবসা ফুলে ফেঁপে উঠেছে তার বিশদ বিবরণও দেওয়া হয়। সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর পরিবারের ছবিও।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারবার স্বজনপোষণ, রাজনীতিতে পরিবারতন্ত্র ইত্যাদি নিয়ে বিরোধীদের কটাক্ষ করেন। তাঁর মন্ত্রিসভার সদস্যও যে একই দোষের ভাগী, সেই বিষয়ে নিশানা করেছে শাসক দল।

তাঁদের বক্তব্য, গড়করির পরিবারের ভোজ্য তেল, মশলা ইত্যাদির ব্যবসা আছে। ২০২৩ সালে প্রধানমন্ত্রী ইথানল সংক্রান্ত নীতি ঘোষণা করার পর ওই পরিবার ইথানল ব্যবসায় নামে। প্রথমবার সেখানে বেশি লাভ না হলেও মাত্র এক বছরে ব্যবসা ফুলে ফেঁপে উঠেছে। রাজ্য তৃণমূল কংগ্রেসের বক্তব্য, ৫১১ কোটি টাকার ইথানল বিক্রি করে লাভ হয়েছে ৫২ কোটি টাকা। একেই লাভের জন্য নীতি বলে তীব্র কটাক্ষ করেন তারা। বলেন, এর ফলে সাধারণ গাড়ি,  বাইক মালিকদের প্রচুর লোকসান হচ্ছে, কারণ তাদের যানবাহনে ইথানল ব্যবহারের উন্নত প্রযুক্তি নেই। এইভাবে কেন্দ্রীয় মন্ত্রীর পরিবার লাভজনক ব্যবসা করছে বলে রাজ্যের শাসক তৃণমূল তোপ দেগেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*