রোজদিন ডেস্ক : বিহারের পর বাংলায় এসআইআর হওয়া নিয়ে এখন জল্পনা তুঙ্গে। ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশন বাংলার একাধিক ডব্লিউ বি সি এস অফিসারের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বলেছে। তবে নবান্ন তাতে মান্যতা না দিয়ে ভিন্ন পদক্ষেপ নিয়েছে। তার ফলে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে দিল্লিতে তলব করা হয়েছে। বুধবারই সেই তলবে সাড়া দিয়ে তিনি দিল্লি যাচ্ছেন। এই ইস্যুতে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, ”পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে যত গন্ডগোল হয়েছে তা করেছেন এখানকারই কর্মচারীরা। তারাই সরকারের অঙ্গুলিহেলনে কাজ করেন। আর তাদের অভিভাবক মুখ্যসচিব। সুতরাং সব জবাব তাঁকেই দিতে হবে।”
তিনি বলেন, ভুয়ো ভোটার বানাচ্ছে রাজ্যের তৃণমূল সরকার। দেশজুড়ে বহু বাংলাদেশি শ্রমিক ছড়িয়ে পড়েছে যারা জাল নথি দিয়ে ভারতীয় পরিচয়পত্র বানিয়ে নিয়েছে।ভিনরাজ্য বাঙালি হেনস্থা ইস্যুতে দিলীপ ঘোষের সাফ কথা, তারা আদতে বাঙালি না বাংলাদেশি সেটা আগে জানা দরকার। সারা ভারতবর্ষে এমন লক্ষ লক্ষ শ্রমিক রয়েছে যারা বাংলাদেশ থেকে এসেছে এবং ভুয়ো পরিচয়পত্র বানিয়ে কাজ করছে। আর বাংলায় এই সমস্যা সবথেকে বেশি এবং বিষয়টির জন্য দায়ী তৃণমূল কংগ্রেস সরকার।

Be the first to comment