প্রতিবেদন: আইনি জটেই আটকে রইল রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত সভা। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রাজ্যের মামলা ত্রুটিপূর্ণ থাকায় পুনর্বিবেচনার জন্য ফের সিঙ্গল বেঞ্চেই মামলা ফেরত পাঠাল প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে এবং বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ।
শুক্রবার মাহেশের স্নান পিড়ি ময়দানে তৃণমূলের মিছিল হওয়ার কথা ছিল। কিন্তু পুলিশি অনুমতি না পেয়ে বৃহস্পতিবার হাইকোর্টের দ্বারস্থ হয় তৃণমূল। বিচারপতি সৌগত ভট্টাচার্য মিছিলের অনুমতি না দিলেও একাধিক শর্তে জনসভা করার অনুমতি দেন। সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে বিকেলেই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। ডিভিশন বেঞ্চ দ্বিতীয়ার্ধে একপ্রস্থ শুনানি করে। শুক্রবার শুনানি পর্বে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে রাজ্যের দায়ের করা মামলাটি ত্রুটিপূর্ণ বলে চিহ্নিত হওয়ায় তা খারিজ হয়ে যায়। আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছে, এই মামলার রায় পুনর্বিবেচনার আর্জি নিয়ে পুনরায় একক বেঞ্চের বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসেই যেতে হবে। আইনি এই মারপ্যাচের জেরে আগামী সপ্তাহের আগে রাজ্য সরকার নতুন করে এই বিষয়ে আদালতে আর্জি জানাতে পারে বলে সূত্রের খবর। ফলে ওই কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

Be the first to comment