প্রতিবেদন: পালাবদলের পর তৃণমূল জমানার একাধিক নেতা, মন্ত্রী আপাতত পুলিশি হেফাজতে। তালিকায় সর্বশেষ সংযোজন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস। ধর্ষণের অভিযোগে সোমবার তাঁকে গ্রেফতার করল পুলিশ। মুম্বই যাওয়ার পথে এদিন কলকাতা বিমানবন্দর থেকে তাকে পাকড়াও করে বারুইপুর জেলা পুলিশ। পুলিশের দাবি, মুম্বই পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বিধায়ক পরেশরাম দাস। ধর্ষণ ছাড়াও মাতলা নদীর চর দখল করার অভিযোগ ছিল পরেশের বিরুদ্ধে। ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাসের অভিযোগও উঠেছিল তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। আগামীকাল মঙ্গলবার তাকে আদালতে পেশ করা হবে। গ্রেফতারের পর আজ বারুইপুরে নিয়ে যাওয়া হয়েছে পরেশরাম দাসকে। এর আগে সিআইডি ডেকে জিজ্ঞাসাবাদও করেছিল তৃণমূল বিধায়ককে। গত সেপ্টেম্বর মাসে তারিখে ক্যানিং থানায় পরেশরাম দাসের বিরুদ্ধে ধর্ষণ, ভয় দেখানো-সহ একাধিক ধারায় অভিযোগ দায়ের হয়েছিল। অনেকদিন ধরেই তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। এর মধ্যেই বারুইপুর জেলা পুলিশ গোপন সূত্রে খবর পায় আজ কলকাতা বিমানবন্দর হয়ে মুম্বই যাওয়ার চেষ্টা করবেন পরেশরাম দাস। খবর পেয়ে সেখান থেকে তাকে পাকড়াও করল পুলিশ।

Be the first to comment