রোজদিন ডেস্ক : নদিয়ার নবদ্বীপে বিজেপির কুৎসা ও অপপ্রচারের বিরুদ্ধে বুধবার বিকেলে নবদ্বীপ বিধানসভা তৃণমূল কংগ্রেস (TMC) আয়োজিত এক প্রতিবাদী সভার আয়োজন করা হয়। সভাটি অনুষ্ঠিত হয় নবদ্বীপ শহরের উত্তরাঞ্চল প্রাচীন মায়াপুর নরহরিধাম বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। এদিনের এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পুন্ডরীকাক্ষ সাহা-সহ নবদ্বীপ পৌরসভার পৌরপতি তথা তৃণমূলের নদিয়া দক্ষিণ সংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিমান কৃষ্ণ সাহা। ছিলেন নবদ্বীপ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তাপস ঘোষ নবদ্বীপ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা শিক্ষক কল্লোল কর-সহ নবদ্বীপ পৌরসভার ২৪ টি ওয়ার্ডের কাউন্সিলর ও কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থকবৃন্দ।
প্রসঙ্গত, সম্প্রতি নবদ্বীপ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের প্রাচীন মায়াপুর এলাকার বাসিন্দা সঞ্জয় ভৌমিক নামে এক যুবককে হত্যা করার অভিযোগ ওঠে কয়েকজনের বিরুদ্ধে। এই ঘটনার পর মৃত ওই যুবক বিজেপির একজন একনিষ্ঠ কর্মী ছিলেন বলে দাবি করেন স্থানীয় বিজেপির নেতৃরা। পাশাপাশি যুবক খুনের সাথে যুক্তরা তৃণমূল আশ্রিত বলেও দাবি করেন তারা। যদিও বিজেপির এই দাবি ভিত্তিহীন বলে জানান তৃণমূলের নেতৃবৃন্দ। তারা বলেন এই ঘটনায় অভিযুক্তদের সাথে তৃণমূলের কোনো যোগ নেই বলে পাল্টা দাবি করে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এছাড়াও দোষীদের বিরুদ্ধে আইনানুগ শাস্তির ব্যবস্থা করুক প্রশাসন বলেও দাবি করেন তৃণমূল নেতৃত্ব। এই ঘটনায় তদন্তে নেমে নবদ্বীপ থানার পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তদের মধ্যে একজনকে গ্রেপ্তার করে আদালতে পেশ করেছে।
পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে মৃত সঞ্জয় ভৌমিককে বিজেপি কর্মী হিসেবে দাবি করে গত সোমবার নবদ্বীপে এসে বিক্ষোভ মিছিল করার পর নবদ্বীপ বড়ালঘাটে বিজেপির একটি দলীয় সভায় যোগদান করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং সেই সভা মঞ্চ থেকে একযোগে নবদ্বীপের বিধায়ক-সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও পুলিশ প্রশাসনকে তির্যক ভাষায় আক্রমণ করেন তিনি। এছাড়াও সঞ্জয় ভৌমিক খুনের দায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তৃণমূলের উপর চাপানোর চেষ্টা করেন।
মূলত তারই প্রতিবাদে বুধবার বিকেলে নবদ্বীপ বিধানসভা তৃণমূল কংগ্রেস নবদ্বীপ প্রাচীন মায়াপুরে নরহরিধাম সংলগ্ন এলাকায় একটি প্রতিবাদী সভার আয়োজন করে। এ প্রসঙ্গে নবদ্বীপ পৌরসভার পৌরপতি তথা তৃণমূলের নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিমান কৃষ্ণ সাহা জানান, বিধায়ক পুন্ডরিকাক্ষ সাহার অনুপ্রেরণায় চৈতন্য ভূমি নবদ্বীপে আগেও শান্তি বজায় ছিল। আজও নবদ্বীপবাসী, শান্তিতে এখানে বসবাস করেন আগামী দিনেও একই ভাবে নবদ্বীপ শহরে শান্তি বিরাজ করবে। শান্ত নবদ্বীপকে অশান্ত করে তোলার জন্য বিজেপির এই অপপ্রচার ও অপপ্রচেষ্টাকে চৈতন্যভূমি নবদ্বীপ শহরের মানুষ কোনদিন সমর্থন করবে না। বিজেপি সারা রাজ্যের সাথে নবদ্বীপেও লাশের রাজনীতি করার চেষ্টা করছে তা নবদ্বীপের সাধারণ মানুষ বুঝে গিয়েছে। আগামী ২০২৬ সালে রাজ্যের যে নির্বাচনে অনুষ্ঠিত হবে এবং নবদ্বীপ বিধানসভা কেন্দ্রে পুন্ডরিকাক্ষ সাহা পুনরায় বিনা পরিশ্রমে জয়ী হবেন বলে তিনি দাবি করেন।

Be the first to comment