রোজদিন ডেস্ক, কলকাতা:- আরজি কর আন্দোলনের অন্যতম মুখ দেবাশিস হালদারের পর বদলি করা হয় অনিকেত মাহাতো এবং আসফাকুল্লা নাইয়াকে। এদিকে তাঁদের বদলির পেছনে প্রতিহিংসার ছবি দেখছেন জুনিয়ার ডাক্তাররা। তাঁদের অভিযোগ, কাউন্সেলিংয়ে ঠিক হওয়া হাসপাতালের বদলে ‘উদ্দেশ্যপ্রণোদিত ভাবে’ অন্যত্র পোস্টিং দেওয়া হয়েছে। এবার বদলির নির্দেশের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন দেবাশিস হালদার এবং আসফাকুল্লা নাইয়া।
চলতি সপ্তাহে মঙ্গলবার মেধাতালিকা প্রকাশ হতেই বিতর্ক দানা বাঁধে। অভিযোগ ওঠে, কোনও নিয়ম না মেনে কেবল আরজি কর আন্দোলনের মুখ হওয়ার কারণে প্রতিহিংসার শিকার হয়েছেন ওই তিনজন। বুধবার স্বাস্থ্যভবনে অভিযোগপত্রও জমা দেন তাঁরা। সূত্রের খবর, কাউন্সেলিংয়ে আসফাকুল্লা নাইয়ার আরামবাগে পোস্টিং হওয়ার কথা ছিল। দেবাশিসের হাওড়া জেলা হাসপাতালে। মেধাতালিকা বেরোনোর পর দেখা যায়, দেবাশিসের পোস্টিং হয়েছে মালদার গাজোলে। আসফাকুল্লাকে পাঠানো হয়েছে পুরুলিয়ায়। অনিকেত মাহাতোকে পোস্টিং দেওয়া হয়েছে রায়গঞ্জে।
অভিযোগ, কোথায় নিয়োগ চান, নিয়ম মেনে কাউন্সেলিং প্রক্রিয়ায় তা সিনিয়ার রেসিডেন্টদের কাছে জানতে চাওয়া হয়েছিল। তাঁরা জানিয়েওছিলেন। কিন্তু তারপরও শুধুমাত্র তিনজন পছন্দের জায়গায় ‘পোস্টিং’ পাননি। ঘটনাচক্রে তিনজনই আরজি কর আন্দোলন পর্বে প্রথম সারিতে ছিলেন। এখনও পর্যন্ত অনিকেতের তরফে হাইকোর্টে মামলা হয়নি। তবে জুনিয়ার ডাক্তারদের সংগঠন ডব্লিউবিজেডিএফ সূত্রে খবর, অনিকেতও মামলা করবেন।
আদালতের দৃষ্টি আকর্ষণ করে মামলাকারীদের আইনজীবী জানান, কাউন্সিলিংয়ে যেখানে পোস্টিং দেওয়া হয়েছিল, সেখানেই পোস্টিংয়ের দাবি জানিয়েছেন তাঁর মক্কেলরা। অন্য কোথাও নয়। চিকিৎসকরা হেলথ ডিপার্টমেন্টের আওতায় হলেও তাঁরা সিনিয়ার রেসিডেন্ট ডক্টর। রাজ্যের সঙ্গে তাঁদের চাকরির চুক্তি রয়েছে। মামলা দায়েরের অনুমতি দিয়েছে আদালত। বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের বেঞ্চে ৫ জুন এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

Be the first to comment