TRANSGENDER: তৃতীয় লিঙ্গের জন্য কর্মসংস্থানের পরিকল্পনা রাজ্যের

Spread the love

রোজদিন ডেস্ক: তৃতীয় লিঙ্গের মানুষের জন্য বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে নতুন উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। ট্রাফিক আইন লঙ্ঘনের ক্ষেত্রে জরিমানা আদায়ে সহায়তা এবং দীর্ঘদিনের বকেয়া সম্পত্তি কর আদায়ের কাজে তাঁদের যুক্ত করার পরিকল্পনা করেছে নবান্ন। এই কাজের জন্য তাঁদের সাম্মানিকও দেওয়া হবে। সরকারি সূত্রে খবর, প্রস্তাবটি ইতিমধ্যেই রাজ্য সরকারের সর্বোচ্চ স্তরে নীতিগত সম্মতি পেয়েছে। তেলঙ্গানা, ওড়িশা, গুজরাত ও উত্তরপ্রদেশের একাধিক পুরসভায় এই ধরনের উদ্যোগ চালু রয়েছে। সেই অভিজ্ঞতার ভিত্তিতে পশ্চিমবঙ্গেও একই ধরনের ব্যবস্থা চালুর পরিকল্পনা করা হয়েছে। এর রূপরেখা চূড়ান্ত করতে বুধবার সংশ্লিষ্ট বোর্ডের সদস্যদের সঙ্গে বৈঠকে করে পুর ও নগরোন্নয়ন দপ্তর, সমাজকল্যাণ দপ্তর এবং পুলিশ প্রশাসনের আধিকারিকরা। সেখানে সম্ভাব্য কর্মীদের তালিকা ও প্রয়োজনীয় তথ্য দেওয়া হয়। অন্যদিকে, তাঁদের প্রয়োজনীয় প্রশিক্ষণের দায়িত্ব নেবে পুলিশ। সম্পত্তি কর আদায় সংক্রান্ত প্রশিক্ষণের ব্যবস্থা করবে পুর ও নগরোন্নয়ন দপ্তর। পরিকল্পনা অনুযায়ী, হেলমেট ছাড়া মোটরবাইক চালানো, একটি মোটরবাইকে তিন জন যাতায়াত-সহ বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা নজরদারিতে তাঁদের কাজে লাগানো হতে পারে। পাশাপাশি, বিভিন্ন পুরসভা এলাকায় দীর্ঘদিনের বকেয়া সম্পত্তি কর ও সংশ্লিষ্ট জরিমানা আদায়ের কাজেও তাঁদের যুক্ত করার ভাবনা রয়েছে। প্রাথমিক পর্যায়ে কলকাতা, হাওড়া ও বিধাননগরের মতো বড় পুরসভাগুলিতে এই প্রকল্প চালু করার পরিকল্পনা রয়েছে প্রশাসনের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*