রোজদিন ডেস্ক, কলকাতা:- খড়্গপুরে রাস্তায় ফেলে প্রবীণ বাম নেতা অনিল দাসকে প্রকাশ্যে মারার অভিযোগ উঠেছিল স্থানীয় তৃণমূল নেত্রী বেবী কোলের বিরুদ্ধে। ঘটনার সাতদিন পর এবার অভিযুক্ত নেত্রীকে বহিষ্কার করল তৃণমূল।
সোমবার দুপুরে মেদিনীপুর শহরের প্রদ্যুৎস্মৃতি ভবনে ২১ জুলাইয়ের প্রস্তুতি বৈঠকে যোগ দিতে গিয়ে এখবর জানান তৃণমূলের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার।
এদিন তিনি জানান, দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর নির্দেশেই বেবীকে দল থেকে বহিষ্কার করা হল। জয়প্রকাশ বলেন, “বাম নেতাকে মারধরের ঘটনায় বেবীকে জেলা থেকে শোকজ করা হয়েছিল। শোকজের জবাব দেখার পরই দল তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।” তৃণমূল তরফে জানানো হয়েছে, অভিযোগ যাই থাক, এভাবে হাতে আইন তুলে নিয়ে প্রকাশ্য রাস্তায় কোনও মানুষকে মারধর করা ঠিক নয়।

Be the first to comment