ভারত-পাক সামরিক সংঘাতের পরে জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী ওমরের সঙ্গে বৈঠক করল তৃণমূলের প্রতিনিধিদল

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- পহেলগাঁও কাণ্ড এবং ভারত-পাক সামরিক সংঘাতের পরে জম্মু ও কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে সেখানকার মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে বৈঠক করল তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধিদল। প্রতিনিধিদলের অন্যতম সদস্য তথা রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া জানিয়েছেন, তাঁদের সঙ্গে ওমরের প্রায় প্রায় দেড় ঘণ্টা আলোচনা হয়েছে।
বুধবার, শ্রীনগরে পৌছানোর পরেই তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধিদলের সদস্যরা ওমরের বাসভবনের অন্দরের দপ্তরে গিয়ে দীর্ঘ বৈঠক করেছেন। প্রায় দেড় ঘন্টার বেশি সময়ের দীর্ঘ বৈঠকে ওমর, প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা এবং সেখানকার মন্ত্রিসভার চার সদস্য তৃণমূলের প্রতিনিধিদলের সদস্যদের পুঞ্চ ও রাজৌরির মানুষদের অবস্থা সম্পর্কে বিশদে অবহিত করেছেন। সেইসময়েই বাংলার মুখ্যমন্ত্রী যে তাদের কথা ভেবেছেন তার জন্য তাঁকে ধন্যবাদ বলেও মন্তব্য করেছেন তিনি।
আগামীদিনে দুই রাজ্যের মধ্যে কিভাবে সহযোগিতার সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় তা নিয়ে আগ্রহ প্রকাশ করেন। এ বিষয়ে প্রাথমিকস্তরে কথাবার্তাও হয়েছে। বৈঠকে প্রসঙ্গে তৃণমূল প্রতিনিধি দলের সদস্য ডেরেক ও ব্রায়েন জানিয়েছেন, “ওমরের সঙ্গে বৈঠক খুব ভালো হয়েছে। উনি অত্যন্ত খুশি হয়েছেন এবং আমাদের দলনেত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। বৈঠকের নির্যাস আমার দলনেত্রীকে জানিয়েছি।”
মানস জানিয়েছেন, জম্মু ও কাশ্মীরের পাক সীমান্তবর্তী এলাকার মানুষ কেমন রয়েছেন, তা জানতে এবং পাক হামলায় হতাহতদের পরিবারের পাশে দাঁড়াতে বৃহস্পতিবার পুঞ্চ এবং শুক্রবার রাজৌরীতে যাবেন প্রতিনিধিদলের সদস্যেরা। বৃহস্পতিবার মানস বলেন, “সীমান্তের ও পার থেকে যে গোলাগুলি চলেছে, তাতে পুঞ্চে এবং রাজৌরীতে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন। সব সম্প্রদায়ের মানুষ নিহত হয়েছেন। ২৫ জনের মৃত্যু হয়েছে। তাঁদের পরিবারকে সমবেদনা জানাতে আমরা আজ পুঞ্চে যাব। আগামিকাল যাব রাজৌরীতে।”
বৃহস্পতিবার দুপুরে পুঞ্চের উদ্দেশে রওনা দিয়েছে তৃণমূলের প্রতিনিধিদল। সেখানে চার ঘন্টা সময় অতিবাহিত করবেন বলেই ঠিক হয়েছে। পুঞ্চে তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করবেন, সাধারণ মানুষ, সেখানকার জন প্রতিনিধিদের সঙ্গেও কথা বলবেন। পুঞ্চে রওনা হওয়ার আগে তৃণমূলের প্রতিনিধিদলের সদস্য মানস ভুঁইয়া বলছেন, “পুঞ্চ ও রাজৌরির মানুষের জীবন সংগ্রামে তাঁদের পাশে থাকার বার্তা দিতে আমরা যাচ্ছি। এখানকার মুখ্যমন্ত্রীকে সাংবিধানিক কাঠামোর মধ্যে থেকে কীভাবে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া যায়, সেটা সবার দেখা উচিত।”
তৃণমূল সূত্রে খবর, তিন দিনের এই কাশ্মীর সফর থেকে ফিরে মুখ্যমন্ত্রীর কাছে একটি রিপোর্ট দেবেন প্রতিনিধিদলের সদস্যেরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*