রোজদিন ডেস্ক, কলকাতা:– একদিকে যখন ‘অপারেশন সিঁদুর’-এর পর পাকিস্তানের মুখোশ খুলে দিতে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে বিদেশ সফর শেষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তখন তার দলের বিধায়কের মুখে শোনা গেল বিতর্কিত মন্তব্য। পাকিস্তানের সঙ্গে সেটিংয়ের অভিযোগ তুলে গোটা বিষয়কেই নাটক বলে আক্রমণ করলেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক ও পশ্চিম বর্ধমানের তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী।
এদিন তিনি বলেন, “কীভাবে সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি সরকার। গোটাটাই যুদ্ধ, যুদ্ধ খেলা। গোটাটাই নাটক। পাকিস্তানের সঙ্গে ফিটিং করেছে। ফিটিং করে… এরা সিঁদুর খেলতে নেমেছে। কিন্তু এ সিঁদুর বাঙালির রক্তে। এ সিঁদুর মায়ের সিঁথিতে আছে। তাই এই সিঁদুরকে নিয়ে যদি খেলা করে, তাঁকে উচিত শিক্ষা দিতে হবে।”
নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “একা শুভেন্দু অধিকারী হিন্দু আর আমাদের অমিত শাহ হিন্দু? কত বড় বেইমান। কিন্তু ২৮ জনের যে মৃত্যু হয়েছে তার বিচার চাই। কোথায় বিচার হল? লোকগুলো এল, মারল পহেলগাঁওয়ে। আর মেরে দিয়ে কোথায় উবে গেল কর্পূরের মতো? কই কেন্দ্রীয় সরকার, এত লড়াই, কিন্তু দুষ্কৃতীদের তো এখনও খুঁজে পেল না। আসলে কখনও খুঁজে পাওয়া যায় না। কারণ এটা একটা গেম প্ল্যান। একদল দুষ্কৃতী ওখানে চলে এল,পহেলগাঁওয়ে কিন্তু তার তিনদিন আগে সব নিরাপত্তা তুলে নেওয়া হয়েছিল।”
এ বিষয়ে রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, “নরেন্দ্রনাথ চক্রবর্তীর মতো একজন নির্বাচিত প্রতিনিধির কাছে যদি এই ধরনের জঘন্য অপরাধ সম্পর্কে তথ্য থাকে, তাহলে তাঁর সেই তথ্যের উৎস এবং বিশ্বাসযোগ্যতা উদঘাটনের জন্য NIA-এর তাঁকে অবশ্যই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত। আমি NIA-কে দ্রুত পদক্ষেপ নেওয়া এবং তথ্য নিশ্চিত করার জন্য নরেন্দ্রনাথ চক্রবর্তীকে তলব করার আহ্বান জানাচ্ছি।”

Be the first to comment