আগুন থেকে বাঁচতে দুই সন্তানকে নিয়ে ৭ তলা থেকে লাফ! দিল্লির দ্বারকায় প্রাণ গেল বাবা সহ দুই শিশুর

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:– মর্মান্তিক ঘটনা দিল্লির দ্বারকায়। মঙ্গলবার সকালে সেখানকার একটি অভিজাত আবাসনে ছড়িয়ে পড়ে আগুন। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলে ওঠে আবাসনের একাধিক তলা। আগুন থেকে বাঁচতে আতঙ্কে আবাসনের সাত তলা থেকে এক ব্যক্তি তাঁর দুই সন্তানকে নিয়ে ঝাঁপ দেন। গুরুতর আহত অবস্থায় তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিন জনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
জানা গিয়েছে, মঙ্গলবার সকাল দশটা নাগাদ দ্বারকার সেক্টর ১৩-এর এই আবাসনে দেখা যায় আগুন। বহুতল ওই আবাসনের একেবারে উপরের তলাতেই প্রথম নজরে আসে আগুন। খবর যায় দমকলে। কিন্তু দমকল পৌঁছনোর আগেই বহুতলের অন্য তলাতেও ছড়িয়ে পড়ে আগুন। ওই বহুতলে একাধিক পরিবারের বাস। দ্রুত আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা আবাসনে।
আগুন নেভাতে ঘটনাস্থলে পৌছায় দমকলের আটটি ইঞ্জিন। বাকি আবাসন খালি করে দেওয়া হয়েছে বলে খবর। এতটাই ভয়াবহ ছিল আগুন যে গোটা এলাকা ধোঁয়ায় ভরে যায়। আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছিল দূর থেকে।
সংবাদমাধ্যম সূত্রের খবর, যে তলায় আগুন লাগে, সেখানে আটকে পড়েন তিন থেকে চার জন। তাঁদের মধ্যে ছিলেন ওই ব্যক্তি ও তাঁর দুই সন্তানও। আগুনের তেজ বাড়তেই উপায় না দেখে বাঁচতে জানলা দিয়ে সন্তানদের নিয়ে ঝাঁপ দেন তিনি। তাঁদের মর্মান্তিক মৃত্যুতে হতভম্ব সকলে। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম যশ যাদব। বয়স ৩৫। তাঁর দশ বছরের ছেলে ও মেয়েকেও বাঁচানো সম্ভব হয়নি। তবে আগুন থেকে অল্পের জন্য বেঁচে গিয়েছেন যশ যাদবের স্ত্রী ও তাঁর বড় ছেলে। দীর্ঘদিন ধরেই ওই আবাসনে পরিবার নিয়ে বাস করছিলেন যশ যাদব। ফেক্স বোর্ডের ব্যবসা রয়েছে তাঁর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*