অভিষেক-সহ সর্বদলীয় প্রতিনিধিদের সঙ্গে নৈশভোজে মোদী, প্রতিনিধি দলের ভূমিকায় সন্তুষ্ট প্রধানমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- বিদেশের মাটিতে কূটনৈতিক লড়াইয়ে পাকিস্তানকে কোণঠাসা করতে যে ভূমিকা নিয়েছেন দেশের সাংসদরা, তাতে সন্তুষ্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার বিদেশ ফেরত সাংসদদের সঙ্গে নৈশভোজ করেন প্রধানমন্ত্রী। ৭ নম্বর লোক কল্যাণ মার্গে প্রধানমন্ত্রীর বাসভবনে ওই নৈশভোজে দলমত নির্বিশেষ বিদেশে প্রতিনিধি হিসাবে যাওয়া সব সাংসদই উপস্থিত ছিলেন।
শশী থারুর, সলমন খুরশিদ, আনন্দ শর্মা, মণীশ তিওয়ারিদের মতো কংগ্রেস সাংসদদের পাশাপাশি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডিএমকের সাংসদ কানিমোঝি, শিব সেনার প্রিয়াঙ্কা চতুর্বেদীর মতো বিরোধী শিবিরের প্রধান মুখেরাও ওই নৈশভোজে যোগ দেন।
সংবাদমাধ্যম সূত্রের খবর, প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে প্রত্যেক সাংসদের সঙ্গে কথা বলেছেন। তাঁদের অভিজ্ঞতা শুনেছেন। গোটা বিশ্বে যেভাবে সাংসদরা ভারতের পক্ষ তুলে ধরেছেন তাতে তিনি সন্তোষও প্রকাশ করেছেন। প্রায় ঘণ্টাখানেক ওই নৈশভোজে ছিলেন প্রধানমন্ত্রী। প্রত্যেকের টেবিলে গিয়ে সাংসদদের সঙ্গে কথাও বলেন তিনি।
বাংলার দুই সাংসদের সঙ্গেও আলাদা করে কথা বলেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে নিজের অভিজ্ঞতা জানান। বিজেপির শমীক ভট্টাচার্য জানান, মৌলবাদ যেভাবে বাড়ছে, সেটা দ্রুত দমন করা উচিত। প্রধানমন্ত্রীও তাতে সম্মতি দিয়েছেন বলে খবর।
এরপরই প্রধানমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেল পোষ্টে সকল সাংসদদের সঙ্গে একটি ফোটো দিয়ে লেখেন, ‘বিভিন্ন দেশে ভারতের প্রতিনিধিত্বকারী বিভিন্ন প্রতিনিধিদলের সদস্যদের সাথে সাক্ষাৎ করেছি এবং শান্তির প্রতি ভারতের অঙ্গীকার ও সন্ত্রাসবাদের অভিশাপ নির্মূলের প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। তারা যে ভাবে ভারতের কণ্ঠস্বর তুলে ধরেছেন, তা আমাদের সকলের জন্য গর্বের।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*