রোজদিন ডেস্ক, কলকাতা:- অপারেশন সিঁদুর’ নিয়ে সংসদে আলোচনা চাইছে বিরোধী রাজনৈতিক দলগুলি। সংসদের বিশেষ অধিবেশনের দাবিতে মঙ্গলবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একযোগে চিঠি পাঠিয়েছে দেশের ১৬টি বিরোধী রাজনৈতিক দল। এরই মধ্যে বুধবার সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বাদল অধিবেশনের দিনক্ষণ ঘোষণা করেছেন। আগামী ২১ জুলাই থেকে শুরু হবে সংসদের বাদল অধিবেশন। চলবে ১২ অগস্ট পর্যন্ত।
অপারেশন সিঁদুর নিয়ে বিশেষ অধিবেশনের দাবী জানানো দলের তালিকায় রয়েছে কংগ্রেস, তৃণমূল, সিপিএম, আরজেডি, সমাজবাদী পার্টি-সহ অন্যেরা। আম আদমি পার্টিরও একই বিষয়ে পৃথক ভাবে একটি চিঠি পাঠানোর কথা মোদীকে। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও এ নিয়ে সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন। বহুদলীয় প্রতিনিধিদল দেশে ফেরার পরে যাতে সংসদের বিশেষ অধিবেশন ডাকা হয়, তা নিয়ে কেন্দ্রের কাছে আর্জি জানান তিনি।
অপারেশন সিঁদুর’ নিয়ে সংসদে আলোচনার জন্য বিশেষ অধিবেশনের দাবিতে গত বেশ কয়েক দিন ধরে সরব রয়েছে তৃণমূল-সহ বিরোধী রাজনৈতিক দলগুলি। তবে সে বিষয়ে কেন্দ্রের তরফে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করা হয়নি।

Be the first to comment