রমিত সরকার, নদীয়া :
কৃষ্ণনগর ১ নম্বর ব্লকের অন্তর্গত গোয়ালদহ মহিষল্যাংড়া জি.এস.এ.পি বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৭তম জন্মজয়ন্তী (Vidyasagar 207th Birthday)। শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সুকেশ বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সদস্য মলয় মণ্ডল-সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানের শুরুতে বিদ্যাসাগরের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। তাঁর শিক্ষা, সমাজসংস্কার, নারীশিক্ষার প্রসার এবং মানবিক মূল্যবোধের নানা দিক নিয়ে আলোচনা করেন উপস্থিত অতিথিরা। ছাত্রছাত্রীদের মধ্যেও বিদ্যাসাগরের জীবন ও আদর্শ সম্পর্কে সচেতনতা গড়ে তোলার বার্তা দেওয়া হয়।

জন্মজয়ন্তী উপলক্ষে বিদ্যালয়ে আয়োজিত হয় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ছাত্রছাত্রীরা গান, আবৃত্তি, নৃত্য-সহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। বিদ্যাসাগরের আদর্শ ও সমাজসংস্কারের ভাবনাও উঠে আসে বিভিন্ন পরিবেশনায়।
অনুষ্ঠান শেষে একটি বিশেষ মুহূর্তের সাক্ষী থাকেন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। উপস্থিত অতিথিরা তাঁদের সঙ্গে একসঙ্গে বিদ্যালয়ের মিড-ডে মিলের খাবারে অংশ নেন। অতিথিদের সঙ্গে একই সারিতে বসে খাবার খাওয়ার ঘটনায় ছাত্রছাত্রীদের মধ্যেও দেখা যায় উৎসাহ ও আনন্দ। বিদ্যালয় কর্তৃপক্ষের তরফে জানানো হয়, বিদ্যাসাগরের মানবিক আদর্শকে সামনে রেখে শিক্ষার্থীদের মধ্যে সমতা, সহমর্মিতা ও শিক্ষার গুরুত্ব তুলে ধরাই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

Be the first to comment