প্রতিবেদন: শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যমণ্ডিত ভাষা ভবনে আগুন। মঙ্গলবার সকালে আচমকা ভাষা ভবনের দোতলা থেকে প্রথম ধোঁয়া বেরোতে দেখা যায়। ধোঁয়া দেখতে পেয়ে ছুটে আসেন বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীরা। খবর ছড়িয়ে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা ক্যাম্পাসে। প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজ শুরু করেন নিরাপত্তারক্ষীরাই। খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। ততক্ষণে নিরাপত্তারক্ষীরা আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এনে ফেলেছিলেন। প্রাথমিকভাবে দমকলের অনুমান, ভাষা ভবনের এসিতে কোনওভাবে শর্ট সার্কিটের জেরেই আগুন লাগে। তবে আগুনে বড়সড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। হতাহতেরও খবর নেই। ভাষা ভবনে পর্যাপ্ত অগ্নিনির্বাপন ব্যবস্থা থাকার কারণেই সহজেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। গোটা ঘটনার তদন্ত করছে দমকল বিভাগ। আগুন নিভে যাওয়ার পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পুরোপুরি স্বাভাবিক।

Be the first to comment