রমিত সরকার, নদীয়া
নদিয়া জেলা আদালতে হাজিরা দেওয়ার কথা থাকলেও বুধবার আদালতে উপস্থিত হলেন না কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। নির্ধারিত সময়ে তাঁর অনুপস্থিতির পর বিচারক জেএম থার্ড কোর্টের দিব্যেন্দু দাস তাঁকে বিকেল ৫টার মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। কিন্তু সেই সময়সীমার মধ্যেও তিনি আদালতে উপস্থিত হননি। তাঁর আইনজীবীর মাধ্যমে আদালতে বার্তা পৌঁছনোর পর বিষয়টি নিয়ে শুনানি হয়।
এরপর আদালতের নির্দেশ অমান্যের অভিযোগে মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারক। আগামী ২৮ তারিখের মধ্যে তাঁকে গ্রেফতার করে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
মামলাটির সূত্রপাত গত ১২ জুন। মহুয়া মৈত্রের কিছু বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে নদিয়া জেলা আদালতে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলায় হিন্দু আরাধ্য দেবদেবী সম্পর্কে মন্তব্য এবং হিন্দু মহিলাদের বোরখা পরা সংক্রান্ত বক্তব্যকে কেন্দ্র করে অভিযোগ তোলা হয়।

এরপর মামলার শুনানিতে একাধিকবার মহুয়া মৈত্রের আদালতে হাজিরার নির্দেশ ছিল। অভিযোগ, নির্ধারিত তারিখগুলিতে তিনি আদালতে উপস্থিত হননি। গতকাল তাঁর হাজিরার শেষ সুযোগ থাকলেও বিচারক বিষয়টি বিবেচনা করে তাঁকে আরও একদিন সময় দেন এবং আজ আদালতে হাজিরার নির্দেশ দেন।
কিন্তু আজও তিনি আদালতে অনুপস্থিত থাকায় আদালত কঠোর অবস্থান নেয়। শেষ পর্যন্ত গ্রেফতারি পরোয়ানা জারি করে আগামী ২৮ তারিখের মধ্যে তাঁকে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। এখন এই নির্দেশ কার্যকর হওয়ার পরবর্তী পদক্ষেপের দিকেই নজর রয়েছে।

Be the first to comment