রোজদিন ডেস্ক, কলকাতা:- ২৫ জুন, বুধবার দক্ষিণ কলকাতার আইন কলেজে গণধর্ষণের ঘটনার সময়ে কোথায় ছিলেন কলেজের ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়? অ্যাটেন্ডেন্স রেজিস্টারের একটি পাতা সেই কৌতুহল আরো বাড়াচ্ছে কসবা আইন কলেজের ঘটনায়। তবে কি এই নারকীয় ঘটনার সময় কলেজেই ছিলেন ভাইস প্রিন্সিপাল? কি দেখা যাচ্ছে রেজিস্ট্রার খাতায়?
অ্যাটেন্ডেন্স রেজিস্টারের ওই পৃষ্ঠায় দেখা যাচ্ছে, গত ২৫ জুন বুধবার, নয়না চট্টোপাধ্যায় ৯টা ৫০ মিনিটে কলেজে তাঁর ‘ইন টাইম’ লিখেছেন। বেরনোর সময় অর্থাৎ ‘আউট টাইম’ও লিখেছেন ৯টা ৫০-এ। দু’ক্ষেত্রেই সকাল, নাকি রাত তা উল্লেখ করেননি ভাইস প্রিন্সিপাল। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে, সকাল ৯টা ৫০-এ কলেজে এসে তা হলে কি তিনি রাত ৯টা ৫০ মিনিটে কলেজ থেকে বেরিয়েছেন? তা হলে কি গণধর্ষণের ঘটনা ক্যাম্পাসে যখন ঘটছিল, তখন ক্যাম্পাসেই ছিলেন নয়না চট্টোপাধ্যায়?
নির্যাতিতা ছাত্রী তাঁর অভিযোগ পত্রে লিখেছেন, সন্ধে সাড়ে ৭টা থেকে রাত ১০টা ৫০ পর্যন্ত তাঁর উপরে দফায় দফায় অত্যাচার করে মনোজিৎ মিশ্র ও তার দুই সঙ্গী। এদিকে কলেজের সিসিটিভির মেন সার্ভেলেন্স কন্ট্রোল হয় ভাইস প্রিন্সিপালের রুম থেকেই। যদি নয়না রাত ৯টা ৫০ মিনিট পর্যন্ত কলেজ ক্যাম্পাসেই থাকেন, তা হলে তিনি পুলিশকে ঘটনার কথা জানালেন না কেন, সে প্রশ্নও উঠেছে!
সোমবার কলেজ খোলার পরে ক্যাম্পাসে গিয়েছিলেন নয়না চট্টোপাধ্যায়। তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘গত ২৫ জুন আমি কলেজে এসেই বেরিয়ে যাই। কারণ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিলেবাস কমিটির মিটিং ছিল।’

Be the first to comment