রোজদিন ডেস্ক, কলকাতা:- রাজ্য সরকার ও এসএসসি-র ‘নিয়োগ অবহেলা’র বিরুদ্ধে ফের রাস্তায় নামলেন চাকরী হারা প্রার্থীরা। তবে এবার তাঁদের লক্ষ্য নবান্ন। এদিকে সোমবার রাত থেকে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। তারই মধ্যে মঙ্গলবার সকালে হাওড়া ময়দানে শরৎ সদনের সামনে জমায়েত হয়ে শুরু হয় নবান্ন অভিযান।
তুমুল বৃষ্টি হলেও সেই বৃষ্টি মাথায় নিয়ে নবান্ন মুখী হয়ে এসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি-র বহু চাকরি হারা প্রার্থীদের স্পষ্ট বার্তা— “আর অপেক্ষা নয়, এবার নবান্ন ঘেরাও।”রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষোভকারীরা এসে পৌঁছেছেন হাওড়ায়। ট্রেন, বাস, ভ্যানে চেপে পৌঁছনো এসব চাকরিপ্রার্থীদের চোখে মুখে স্পষ্ট ক্ষোভ।
তাঁদের অভিযোগ, লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ে সফল হওয়া সত্ত্বেও তাঁরা নিয়োগপত্র পাননি। আদালতের নির্দেশ থাকার পরেও কার্যকর কোনও পদক্ষেপ না হওয়ায় এবার তাঁরা সরাসরি প্রশাসনিক সদর দফতরের সামনে বিক্ষোভ দেখাতে উদ্যোগী হয়েছেন। বিশেষ সূত্রের খবর, বড় জমায়েতের সম্ভাবনা থাকায় সকাল থেকেই হাওড়া ময়দান চত্বরে মোতায়েন করা হয়েছিল অতিরিক্ত পুলিশ বাহিনী। তবে দফায় দফায় এই চাকরী প্রার্থীদের আটকানো হয় পুলিশের তরফ থেকে এমনটাও অভিযোগ উঠে আসছে।

Be the first to comment