রোজদিন ডেস্ক, কলকাতা:- আগামী ৯ই আগস্ট আরজিকরের চিকিৎসক তরুণীর খুন-ধর্ষণের এক বছর পূর্ণ হচ্ছে। সে দিন ‘কালীঘাট চলো’ কর্মসূচির ডাক দিল আরজিকর আন্দোলনের সঙ্গে যুক্ত ‘অভয়া মঞ্চ’। সোমবার এক সাংবাদিক বৈঠকে মঞ্চের তরফে জানানো হয়েছে। তাঁরা জানান ওই দিন মূলত কলকাতা ও সংলগ্ন চারটি জেলা থেকে মানুষ অংশ নেবেন মিছিলে। সংগঠনের কর্তারা জানান, ওই দিন হাজরা মোড়ে সবাই জমায়েত করে সেখান থেকে মুখ্যমন্ত্রীর বাসভবনের উদ্দেশ্যে রওনা দেবেন।
অভয়া মঞ্চ ও চিকিৎসকদের যৌথ মঞ্চের তরফে আহ্বান জানানো হয়েছে, যাতে দলমত নির্বিশেষে সব প্রতিবাদী মানুষ হাজরা মোড়ে ওই দিন জড়ো হন। একই সময়ে অন্য জেলায় ঐ তারিখে সারা দিনব্যাপী প্রতিবাদ কর্মসূচি চলবে।
জানা গেছে, সকালে ‘রাখি বন্ধন’ করা হবে অভয়া মঞ্চ সমর্থিত সংগঠনগুলির উদ্যোগে। ১৪ই আগস্ট ঠিক গত বছরের মতো এবারও ‘রাত দখল’ কর্মসূচিও নেওয়া হচ্ছে। রাত ১২টার পরে স্বাধীনতা দিবসের জাতীয় পতাকা উত্তোলন করে ‘রাত দখলে’ অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে সারা বাংলায়।
প্রসঙ্গত, ৯ই আগস্ট ইতিমধ্যে ‘নবান্ন চলো’র ডাক দিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও সে কর্মসূচি নাগরিক সমাজের নামে ‘অরাজনৈতিক’ হবে বলে জানিয়েছেন শুভেন্দু। এদিকে অভয়া মঞ্চ আলাদা কর্মসূচির কথা জানিয়ে স্পষ্ট করে দিল, বিজেপি নেতার ডাকে তারা সামিল হবে না।

Be the first to comment