রোজদিন ডেস্ক, কলকাতা:- রাতভর টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতার উত্তর থেকে দক্ষিণ। নাগাড়ে বৃষ্টির জেরে শহরতলির জনজীবনও বিপন্ন হয়ে পড়েছে। কলকাতা এবং শহরতলিতে সোমবার প্রায় সারা দিন ধরেই বৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকাল হতেই দেখা যায়, শহরের নানা এলাকায় জল যন্ত্রণার ছবি।
ইতিমধ্যেই কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারের সামনে জল জমতে শুরু করেছে। দক্ষিণে রাসবিহারী, বেহালা, বালিগঞ্জ, উত্তরে ঠনঠনিয়া, সেন্ট্রাল অ্যাভিনিউ, উল্টোডাঙা জলে টইটুম্বুর! কোথাও গোড়ালি অবধি, কোথাও হাঁটুর কাছাকাছি পর্যন্ত জল জমে গিয়েছে। ফিয়ার্স লেন, বিবি গাঙ্গুলি স্ট্রিট, বৈঠকখানা বাজার, নর্থ পোর্ট থানা লাগোয়া এলাকা সহ বেশ কিছু জায়গা জলমগ্ন। কাঁকুড়গাছি, পাতিপুকুর এবং উল্টোডাঙা আন্ডারপাসেও জল জমেছে।
অন্যদিকে, ট্রেন চলাচল ব্যাহত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। শিয়ালদহ মেইন শাখায় কিছু কিছু জায়গায় লাইনে জল জমতে শুরু করেছে। আজ সকাল থেকেই বেশ কিছু ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা দেরিতে চলছে। শিয়ালদহ উত্তর ও দক্ষিণ শাখার রেললাইনের একটা বড় অংশ জলে ডুবেছে। বারাকপুর, টিটাগড়, অন্যদিকে ডায়মন্ড হারবার, ক্যানিং লাইনে অতি ধীর গতিতে ট্রেন চলছে। রেলের তরফে জানানো হয়েছে, পরিস্থিতির দিকে নজর রাখা হয়েছে।

Be the first to comment