রোজদিন ডেস্ক : রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় অভিযোগের নিষ্পত্তি ও নজরদারি ব্যবস্থাকে সক্রিয় করতে রাজ্যের নবগঠিত স্বাস্থ্য কমিশনের ফুল বেঞ্চ আগামী ১৬ সেপ্টেম্বর প্রথমবার বৈঠকে বসতে চলেছে। রাজ্যে সরকার বদলের পর কিছুদিন আগেই কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে নতুন করে স্বাস্থ্য কমিশন গঠন করা হয়। কমিশনের সদস্যদের সঙ্গে সম্প্রতি স্বাস্থ্য ভবনে বৈঠকও করেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। সেই বৈঠকে কমিশনের ভবিষ্যৎ কর্মপদ্ধতি ও স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, কমিশনের নিয়মিত কাজ নির্বিঘ্নে চালানোর জন্য বিবাদী বাগে কমিশনের পুরনো অফিসের সংস্কার চলছে। পরিকাঠামো উন্নয়নের কাজ শেষ হলেই সেখান থেকেই কমিশনের দৈনন্দিন কাজকর্ম পরিচালিত হবে। ১৬ সেপ্টেম্বর ফুল বেঞ্চের বৈঠকে কমিশনের কাজের রূপরেখা, অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া, শুনানির সময়সূচি এবং প্রশাসনিক বিভিন্ন বিষয় আলোচনায় থাকতে পারে। সেই সঙ্গে আগামীদিনে স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে কমিশনের ভূমিকা আরও সক্রিয় করার দিকেও জোর দেওয়া হবে।

Be the first to comment