রোজদিন ডেস্ক, কলকাতা:- শ্রাবণের এই পবিত্র মাসে প্রায় সকলেই মহাদেবের পূণ্য ধামে যাত্রা করেন। তেমনই দেওঘর দর্শনের উদ্দেশ্যে যাত্রা করছিলেন বহু পূর্ণ্যার্থী। কিন্তু পুণ্য লাভের সেই যাত্রাই পরিণত হল মৃত্যুমিছিলে। মঙ্গলবার সকালে ঝাড়খণ্ডের দেওঘরে ঘটে গেল এক ভয়াবহ পথ দুর্ঘটনা, যাতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৮ জন পূর্ণ্যার্থী। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন, যাঁদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। এই ভয়ংকর ঘটনা ঘটেছে ঝাড়খণ্ডের দেওঘর জেলার মোহনপুর থানার অন্তর্গত জমুনিয়া চক এলাকায়। গয়া থেকে আসা যাত্রী বোঝাই বাসটি বাবাধাম যাচ্ছিল পূর্ণ্যার্থীদের নিয়ে। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি প্রথমে একটি গ্যাস ট্যাংকারে ধাক্কা মারে, পরে রাস্তার ধারে থাকা ইটের সারিতে সজোরে ধাক্কা মারে। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। অনেকের অবস্থাই আশঙ্কাজনক।
ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীদের মতে, বাসটি অত্যন্ত দ্রুত গতিতে ছিল। রাস্তা ঘেঁষে থাকা গ্যাস ট্যাংকারে ধাক্কা মারার পর চালক আর নিয়ন্ত্রণ রাখতে পারেননি। অতিরিক্ত যাত্রী বোঝাই বাসটি ছিটকে পড়ে ইটের স্তূপে। সেই সঙ্গে বাসের সামনের অংশ কার্যত চূর্ণবিচূর্ণ হয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মোহনপুর থানার পুলিশ। উদ্ধারকার্য শুরু করা হয় ঝাড়খণ্ড প্রশাসনের তত্ত্বাবধানে। দুমকা রিজিওনের আইজি শৈলেন্দ্র কুমার সিং সংবাদমাধ্যমকে জানান, উদ্ধারকাজ এখনও চলছে। স্থানীয় বাসিন্দারাও আহতদের উদ্ধার করতে এগিয়ে আসেন।

Be the first to comment