রোজদিন ডেস্ক, কলকাতা:- দিল্লিতে বাংলাভাষী এক পরিযায়ী শ্রমিকের স্ত্রী ও শিশুর উপর পুলিশি বর্বরতার অভিযোগে এবার দিল্লি পুলিশের বিরুদ্ধেই এফআইআর দায়েরের সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস। বুধবার তৃণমূল ভবনের এক সাংবাদিক বৈঠকে এ কথা জানান তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।
এদিন কুণাল ঘোষ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করার পরই নির্যাতিত পরিবারের মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। যে জায়গায় বাচ্চাটিকে ও তার মাকে মারধর করা হয়েছিল, সেই ভিডিও প্রকাশ করা হয়নি। উলটে পরিবারকে আটকে রেখে ব্ল্যাকমেল করে টাকা আদায় করা হয়েছে। বলা হয়েছে, বাংলা মানেই বাংলাদেশী। তারা বলেছে তারা মালদহের বাসিন্দা, তাও রেহাই পায়নি।”
পরিবারের তরফে নির্যাতিতা সাজনুর বলেন, “চারজন পুলিশ এসে আধার কার্ড দেখতে চায়। আমি বলি, স্বামী কাজে গেছে। তারা বলে, আমরা বাংলাদেশি, পালিয়ে যাব। পরদিন দু’জন মহিলা পুলিশকে সঙ্গে নিয়ে আসে, আমাকে তুলে নিয়ে যায়। জোর করে, জয় শ্রীরাম বলতে বলে, বলি আমি মুসলমান, তাই জয় শ্রীরাম বলব না। তখন আমাকে পেটে লাথি মারে। ছেলেকে মারধর করে। বলে, ২৫ হাজার টাকা দিলে ছাড়বে। বাধ্য হয়ে স্বামীর নম্বর দিই। পরে বাড়ি থেকে টাকা এনে আমাকে ছাড়া হয়। থানায় নিয়ে গিয়ে সাদা কাগজে জোর করে সই করানো হয়, ফোনও নিয়ে নেয়।”
রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম আরও বলেন, “বাচ্চাটির কানপাটিতে সজোরে চড় মেরেছে পুলিশ। ছেলেটির মা যেভাবে তাঁর উপর হওয়া অত্যাচারের বর্ণনা দিয়েছেন, তাতে আমরা শিউরে উঠেছি।”
তৃণমূল নেতৃত্বের বক্তব্য, প্রথমে অত্যাচার, পরে অপরাধ ধামাচাপা দেওয়ার চেষ্টা, সেজন্য দিল্লি পুলিশ নানা নাটক করেছে, এই পরিস্থিতিতে ওরা কোনওক্রমে বাংলায় পালিয়ে এসেছেন, আইনি পথেই পদক্ষেপ করা হবে।

Be the first to comment