রোজদিন ডেস্ক, কলকাতা:- কেন্দ্রে তখন প্রধানমন্ত্রী নরসিমা রাওয়ের সরকার। রাজীব গান্ধীর হত্যাকাণ্ডের পরে দেশ জুড়ে ফের ভিত শক্ত করার কাজ করছে কংগ্রেস। ১৯৯১ সালে বিপুল জনসমর্থন নিয়ে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জয়ী হয় বামফ্রন্ট সরকার। বিরোধীরা আওয়াজ তোলে, ভোটে ব্যাপক কারচুপি হয়েছে। অভিযোগ ছিল, কোনও সচিত্র পরিচয় পত্র না থাকায় ছাপ্পা, বুথ দখলের বন্যা বয়ে গিয়েছে প্রতিটি কেন্দ্রে। ‘নো এপিক, নো ভোট’ স্লোগান তুলে আন্দোলনে নামেন তৎকালীন যুব কংগ্রেসের সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায়। ২১ জুলাই মহাকরণ অভিযানের ডাক দেওয়া হয়। সেই অভিযানেই ১৩ জন কংগ্রেস কর্মীকে গুলি করে হত্যা করার অভিযোগ ওঠে সরকারের বিরুদ্ধে।

তবে সেদিনের কিছু স্থির চিত্র ছাড়া যে ঘটনার কোনও ভিডিয়ো রেকর্ড বুকে নেই। প্রযুক্তির হাত ধরে এ বার সে দিনের ঘটনার AI (Artificial Intelligence) ভিডিও তৈরি করল তৃণমূল কংগ্রেস। সেই ‘ঐতিহাসিক দিন’-এর আবেগে শান দিতেই এবার তৃণমূলের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে AI নির্ভর একটি তথ্যচিত্র তুলে ধরা হয়েছে। যেখানে ১৯৯৩ সালের ২১ জুলাইয়ের ঘটনার চিত্র তুলে ধরা হয়েছে। লেখা হয়েছে, ‘অগ্নিকন্যার অগ্নিপথ, বাংলা রক্ষাই তাঁর শপথ। আগামিকাল জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে এবং শহীদ তর্পণে সামিল হতে, সদলবলে আসুন ধর্মতলায়।’

প্রসঙ্গত উল্লেখ্য, ২১ জুলাইয়ের একমাস আগে থেকেই জেলায় জেলায়, ব্লকে ব্লকে শহিদ সমাবেশের প্রস্তুতি সভার আয়োজন করা হয়। গত কয়েক বছরে সমান তালে প্রচার চলে সমাজমাধ্যমেও। প্রচার এ বারেও তার অন্যথা হয়নি। তবে, প্রযুক্তি নির্ভর এই ভিডিও প্রচারে নতুনত্ব যোগ করেছে বলেই ধারণা রাজনৈতিক মহলের একাংশের।

Be the first to comment