- তারাপীঠ-অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর দফতর থেকে সামাজিক মাধ্যমে লেখা রয়েছে, “বীরভূমে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় আমি মর্মাহত। যাঁরা প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি সমবেদনা। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন। এই কামনা করি। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের স্থানীয় প্রশাসন সহায়তা করছে।”
- তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশে মৃত ও আহতদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছেন রাজ্যের দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী। এ দিন ঘটনাস্থলে এসে ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি। সঙ্গে ছিলেন ডিআইজি বর্ধমান রেঞ্জ, জেলা পুলিশ সুপার, জেলাশাসক সহ জেলা পুলিশ, প্রশাসন ও দমকলের শীর্ষ আধিকারিকরা।
- দমকল প্রতিমন্ত্রী জানান, মুখ্যমন্ত্রী নির্দেশে মৃতদের মোট ৯ লক্ষ টাকা করে এবং আহতদের ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে৷ মৃতদের ক্ষেত্রে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে জেলাশাসকের নিজস্ব তহবিল থেকে এবং ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে।
- সোমবার ভোর সাড়ে চারটে নাগাদ তারাপীঠের একটি হোটেলে অগ্নিকাণ্ড ঘটে। ঘুমের মধ্যেই মৃত্যু হয় ৯ জনের। অসুস্থ একাধিকজন। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, শর্ট সার্কিটের জেরেই দুর্ঘটনা।
- তারাপীঠে অগ্নিকাণ্ডের ঘটনায় শোকপ্রকাশ করলেন কালীঘাট তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘তারাপীঠে আকস্মিক ও মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় আমি শোকস্তব্ধ। এই ভয়াবহ বিপর্যয়ে যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের আত্মার শান্তি কামনা করছি। যাঁরা আপনজন হারিয়ে নিঃস্ব, তাঁদের এই দুঃসহ শোক সহ্য করার শক্তি ঈশ্বর প্রদান করুন। একইসঙ্গে, যাঁরা আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন, তাঁদের দ্রুত সুস্থতা প্রার্থনা করছি।’
- মানবাজারে জাপানি কোম্পানি জাইকা-র জল প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
- পরিযায়ী শ্রমিকদের বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “পরিযায়ী শ্রমিকেরা ফিরে আসুন। শিল্পে ভরিয়ে দেব। কয়েকদিন আগে মেজিয়ায় শিল্পের শিলান্যাস করেছি। ১০ হাজার মানুষের কর্মসংস্থান হবে। আজ অমিত মেটালিকসে ৪ হাজার কোটি টাকার প্রকল্পের ভূমিপূজন করব। এই কারখানাতেও ১০ হাজার মানুষের কাজ হবে।”
- শুভেন্দু অধিকারী জানান, পুরুলিয়াতেও মিড ডে মিল রান্না করবে ইসকন। রান্নার দিদিদের কাজ যাবে না। সপ্তাহে দু’দিন শিশুদের ডিমও দেব। বালির দাম একটু বেশি হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী আবাস যাঁরা করবেন, তাঁরা ১২০০ টাকা করে বালি পাবেন। সব বালি ঘাটকে বৈধ করব। সিন্ডিকেট বন্ধ করব।
- অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা দিলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি জানালেন, অগস্টে অন্নপূর্ণা যোজনায় ১ কোটি ৪৫ লক্ষ মহিলা টাকা পাচ্ছেন। আজ (সোমবার) থেকে যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়েছে। আগামী ২০ অগস্ট পর্যন্ত মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে।
- আজ থেকে শুরু দেশজুড়ে জনগণনা।বৃষ্টির মধ্যেই জেলায় বাড়ি বাড়ি জনগণনার কাজ শুরু, মোবাইলে তথ্য আপলোডে সাময়িক সমস্যা হলেও, কাজ চালিয়ে যাচ্ছেন জনগণনার তথ্য সংগ্রহের দায়িত্বে থাকা আধিকারিকেরা।
- নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
- গোপন সূত্রে খবর পেয়ে সোমবার কয়েক লক্ষ টাকা মূল্যের ১০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করল পূর্বস্থলী থানার পুলিশ। গ্রেপ্তার পাচারকারী। জানা গিয়েছে, ধৃত ওই ব্যক্তির নাম মহম্মদ আশরাফুল ইসলাম শেখ। বাড়ি নদিয়ার কালীগঞ্জ এলাকায়।
- গভীর সমুদ্রে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সুপারি-সহ দুটি মাছধরা ট্রলার আটক করল রায়দিঘি থানার পুলিশ।
- প্লাস্টিক ও রাসায়নিকের মজুতের কারণে অগ্নিকাণ্ড সেবক রোডের ইন্ডাস্ট্রিয়াল পার্কের একটি প্লাস্টিক কারখানায়। সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ কারখানা থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। কিছুক্ষণের মধ্যেই দাউদাউ করে জ্বলতে শুরু করে গোটা কারখানা।
- হলদিয়া থেকে মেচেদার দিকে যাওয়ার পথে ১১৬ নম্বর জাতীয় সড়কের ব্রজলালচকে যাত্রী ভর্তি বাস উল্টে আহত হলেন একাধিক যাত্রী। সোমবার সকাল সাড়ে ১১টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে।

Be the first to comment