পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. তিব্বত-চিন সীমান্তে কাছে নতুন বাঁধ (ব্যারিয়ার লেক) তৈরি হয়েছে। হ্রদে ইতিমধ্যেই জল উপচে পড়ার মধ্যে পরিস্থিতি তৈরি হয়েছে। জলের চাপ আরও খানিকটা বাড়লেই ফেটে যেতে পারে হ্রদের প্রাকৃতিক বাঁধ। শুধু তা-ই নয়, ৭২ ঘণ্টার মধ্যেই তেমনটা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করল চিন।
  2. নেপালের হড়পা বান বিপর্যয়ে রাজ্যের ৩২ জন নিখোঁজ। বৃহস্পতিবার পরিসংখ্যান দিয়ে এ কথা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী জানান, নিখোঁজ হওয়া ৩২ জন মূলত কলকাতা এবং চন্দননগরের বাসিন্দা। একটি পর্যটন সংস্থার সঙ্গেই তাঁরা সেখানে গিয়েছিলেন বলে জানা গিয়েছে।
  3. নেপালে গিয়ে নিখোঁজ মুকুল রায়ের পুত্রবধূ শর্মিষ্ঠা ভৌমিক রায়। হড়পা বান বিপর্যয়ের পর থেকেই তাঁর সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছে না বলে জানালেন স্বামী শুভ্রাংশু রায়।
  4. কৈলাস-মানস সরোবর দর্শনে নেপালে গিয়েছিলেন তাঁরা। কিন্তু হড়পা বানের বিপর্যয়ের পর থেকেই নিখোঁজ উত্তর ২৪ পরগনার বসিরহাটের শিক্ষক দম্পতি— স্বপন এবং তাঁর স্ত্রী মৌ মণ্ডল। যোগাযোগ করা যাচ্ছে না বারাসতের শিক্ষিকা সুস্মিতা ভট্টাচার্যের সঙ্গেও।
  5. তামিলনাড়ুর ২১ জন বাসিন্দা কৈলাস মানসরোবর যাত্রায় গিয়েছিলেন। তাঁদের উদ্ধার করা হয়েছে বলে ভারতের বিদেশমন্ত্রক সূত্রের খবর।
  6. নেপালে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের পরে হাওড়ার সাঁকরাইল থানার অন্তর্গত হাতগাছি এলাকার বাসিন্দা ৬৮ বছরের অনিতা দাসেরও খোঁজ পাওয়া যাচ্ছে না। কলকাতার একটি ট্যুরিস্ট এজেন্সির মাধ্যমে কৈলাস মানস সরোবর যাত্রায় গিয়েছিলেন তিনি। উৎকণ্ঠায় পরিবার।
  7. কলকাতার নিউটাউনে লারসেন অ্যান্ড টুব্রোর মাইন্ড ট্রি-র তথ্যপ্রযুক্তির অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে বৃহস্পতিবার উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  8. অফিস উদ্বোধনের পরে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘এলঅ্যান্ডটি আন্তর্জাতিক স্তরের সংস্থা। এই বিনিয়োগে পশ্চিমবঙ্গের যুবক-যুবতীরা চাকরি পাবেন। আমি চাইব আপনারা পশ্চিমবঙ্গে আরও বিনিয়োগ করুন। আপনাদের পাশে পশ্চিমবঙ্গ সরকার সবসময় রয়েছে। আমরা সব রকমের সাহায্য করতে প্রস্তুত রয়েছি।’
  9. বারাসতের রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার পদ থেকে পদত্যাগ করলেন সুবীর বিশ্বাস।ভাইস চ্যান্সেলরের অফিসে এদিন তিনি তার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন
  10. পুলিশকে নিয়ে পুরসভার অভিযান অভিষেক বন্দোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে। পুর অভিযান নিয়ে তৃণমূল কর্মীদের সঙ্গে পুলিশের বচসা। পুলিশের বিরুদ্ধে জোর করে অফিসে ঢোকার অভিযোগ তৃণমূলের। পুলিশ অফিসারের সঙ্গে উত্তপ্ত কথাবার্তায় জড়াতে দেখা গিয়েছে খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।
  11. হরিশ মুখার্জি রোডের এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কেও থাকা তৃণমূলের চারটি অ্যাকাউন্ট ফ্রিজ় করে দিয়েছে পুলিশ। এই অভিযোগ তুলে পুলিশি পদক্ষেপের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলো কালীঘাট তৃণমূল।
  12. বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল শিবির উচ্চ আদালতে জানিয়েছে, চার অ্যাকাউন্টে সব মিলিয়ে ৮০৩ কোটি টাকা রয়েছে। কিন্তু আদালত এই অ্যাকাউন্টগুলি ডিফ্রিজ় বা খোলার ব্যাপারে নতুন করে কোনও নির্দেশ দেয়নি।
  13. বাড়িতে সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী থাকা সত্ত্বেও অন্য যুবতীর সঙ্গে প্রেম। সেই প্রেমে বিবাদের জেরে নদীর ধারে মোটরসাইকেল রেখে গঙ্গায় ঝাঁপ যুবকের। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার কালনা নৃসিংহপুর ফেরিঘাটের। ওই যুবক শান্তিপুর থানার রাধা কৃষ্ণপল্লী এলাকার বাসিন্দা। নাম সাগর বিশ্বাস। বয়স আনুমানিক ২২ বছর।
  14.  মালদায় খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে খোদ অভিযানে নামলেন মালদার জেলাশাসক রাজেনবীর সিং কাপুর। বৃহস্পতিবার তিনি খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকদের নিয়ে অভিযান চালালেন মালদা শহরের রবীন্দ্র অ্যাভেনিউ এলাকার এক নামি রেস্তোরাঁয়। যদিও অভিযানে ওই রেস্তোরাঁয় বড়সড় কোনও ত্রুটি চোখে পড়েনি।
  15. যাদবপুরের পাঁচজন যুবক বৃহস্পতিবার ভোররাতে বারুইপুরের একটি অনুষ্ঠান বাড়ি থেকে ফিরছিলেন। অভিযোগ, বেপরোয়া গতির জন্য চারচাকা গাড়িটি চৌহাটি বাইপাস এলাকায় লায়ন্স স্কুলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা মারে। ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয়। মৃতদের নাম শুভঙ্কর ভট্টাচার্য (২২) ও শৌনক সেন (২১)। ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*