প্রতিবেদন: রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ-র ১০০ শতাংশর বদলে আপাতত ৮৫ শতাংশ মেটাতে চায় রাজ্যে নয়া বিজেপি সরকার। ডিএ মামলায় সুপ্রিম কোর্টে এমনই জানাল রাজ্য সরকার। এদিন সুপ্রিম কোর্টে মামলার স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল। নিয়ম মেনে দেশের সর্বোচ্চ আদালতে এদিন তা জমা দিয়েছে রাজ্য। সেখানেই বকেয়া ডিএ মেটাতে আদালতের কাছে কিছুটা ছাড় চাওয়া হয়েছে। ১০০-র বদলে তা আপাতত ৮৫ শতাংশ করার আর্জি জানান হয়েছে। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলার শুনানি ছিল। তার আগে বুধবার রাতেই রাজ্যের তরফে জমা দেওয়া হয় স্টেটাস রিপোর্ট। তবে, নতুন বেঞ্চ গঠনের কারণে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে পূর্ব নির্ধারিত এই ডিএ মামলার শুনানি হচ্ছে না। রাজ্যের তরফে স্টেটাস রিপোর্টে জানানো হয়েছে, কোষাগারে আর্থিক চাপের কারণে ১০০ শতাংশ ডিএ দেওয়া সম্ভব হবে না এখন। ১৫ শতাংশ ডিএ দেওয়ার ক্ষেত্রে ছাড় চাওয়া হয়েছে কোর্টের কাছে। ২০২৮ সালের মধ্যে চার কিস্তিতে বকেয়া মিটিয়ে দেওয়া হবে বলেও রাজ্যের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে। কুর্সিতে বসার পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারি কর্মচারিদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ডিএ নিয়ে রাজ্যের সঙ্গে কেন্দ্রের ফারাক ধীরে ধীরে মিটিয়ে ফেলবে তার সরকার।

Be the first to comment