প্রায় দেড় দশক পর দেশে ফিরছেন প্রাক্তন আইপিএল কর্তা ললিত মোদি

Spread the love

প্রতিবেদন: ইডির মামলায় আদালতে স্বস্তি পাওয়ার।পরই দেশে ফেরার ঘোষণা করলেন একাধিক আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত দেশত্যাগী আইপিএলের প্রাক্তন শীর্ষকর্তা ললিত মোদি। সোশ্যাল মিডিয়ায় প্রচারিত এক ভিডিয়ো বার্তায় এই বিতর্কিত ক্রিকেট কর্তা বলেছেন, সব ঠিক থাকলে চলতি বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে প্রায় ১৬ বছর পর তিনি ভারতে ফিরতে চলেছেন। তিনি জোর দিয়ে বলেন, আমি কোনও ভুল করিনি। আদালতের রায়ে আজ তা প্রমাণিত হল। যা করেছিলাম, সবটাই আইপিএলকে বাঁচানোর স্বার্থে। তাই এই রায়ে আমি খুশি। আপাতত দেশে ফেরার জন্য মুখিয়ে আছি। ট্যাক্স ফাঁকি ও আর্থিক অনিয়মের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়। সেই মামলা থেকে বাঁচতে ২০১০ সালে গোপনে দেশ ছেড়ে পালান তিনি। ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট-এর নিয়ম ভাঙার অভিযোগে ললিতকে ১০ কোটি ৬৫ লক্ষ টাকা জরিমানা করেছিল ইডি। মঙ্গলবার আপিল ট্রাইবুনালে সেই অভিযোগ থেকে স্বস্তি পেয়েছেন তিনি। ইডির সিদ্ধান্ত এবং জরিমানা বাতিল করে দেওয়া হয়েছে। তার পরেই দেশে ফেরার কথা ঘোষণা করে ভিডিয়ো বার্তা প্রকাশ করেন আইপিএলের প্রাক্তন শীর্ষকর্তা ললিত মোদি। ২০০৯ সালে দেশে লোকসভা ভোটের কারণে রাতারাতি আইপিএল ভারত থেকে সরিয়ে দক্ষিণ আফ্রিকায় নিয়ে যাওয়া হয়েছিল। অভিযোগ, সেই সময় বিপুল অঙ্কের বৈদেশিক মুদ্রার লেনদেন হয়েছিল। ইডির দাবি, তার পুরোটাই হয়েছিল রিজার্ভ ব্যাঙ্কের পর্যাপ্ত অনুমতি ছাড়াই। এই আর্থিক নয়ছয়ের অভিযোগে ললিতের বিরুদ্ধে পদক্ষেপ করে ইডি। একই ভারতীয় ক্রিকেট বোর্ডও তাঁকে নির্বাসিত করে। ওই পরিস্থিতি থেকে বাঁচতে গোপনে দেশ থেকে পালিয়ে যান তিনি। বিদেশের মাটিতে বসেই হাইকোর্ট, সুপ্রিম কোর্টে আইনি লড়াই চালিয়ে যান গত দেড় দশক ধরে। অবশেষে অভিযোগ প্রমাণিত না হওয়ায় দেশে ফেরার ঘোষণা করলেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*