রোজদিন ডেস্ক : টাকার পাহাড়! এ রাজ্য এমন ছবি গত কয়েক বছরে বেশ কয়েকবার দেখা গিয়েছে। একের পর এক টাকা ভর্তি ট্রাঙ্ক ঘরের মাঝে এনে ঢালা হচ্ছে। প্রায় ২৫ থেকে ৩০ জন সেই টাকা গুণছে। রয়েছে টাকা গোনার মেশিন। কয়েকজন আবার পাশে বসে গোটা কাজের ওপর নজর রাখছেন। রবিবার রাতে সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিয়ো পোস্ট করেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। যা নিয়ে আপাতত তুমুল চর্চা চলছে নেটপাড়ায়। কীসের টাকা? কোথা থেকে এল টাকা? লাইভে এসে নিজেই তার উত্তর দিয়েছেন হুমায়ুন। জানান, তার বাড়িতে বাবরি মসজিদ তৈরির জন্য অনুদানে পাওয়া টাকা গোণার কাজ চলছে। গত শনিবার, ৬ ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাস করেন হুমায়ুন কবীর। সেখানেই তিনি জানান এর জন্য খরচ হবে আনুমানিক ৩০০ কোটি টাকা। তবে টাকা নিয়ে চিন্তা করছেন না, কারণ অনেকেই দানের ডালি নিয়ে এগিয়ে এসেছেন বলেই জানান তিনি। তার কথা যে মিথ্যে নয়, তার প্রমাণ ওই ছবি। ছবিতে যে টাকার পাহাড় দেখা গিয়েছে, তার পুরোটাই হল দানের অর্থ, বলেই দাবি হুমায়ুনের। যে ব্যক্তিরা রবিবার সন্ধ্যা পর্যন্ত নগদ অর্থ দান করেছেন, তা আলেম-উলাময়েদের উপস্থিতিতে গোনা শুরু হয়। “পশ্চিমবঙ্গ ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া” সেই সমস্ত দানের অর্থ গুলোর গণনা করে। গভীর রাতের পরও গণনা চলেছে। তবে এখনও পর্যন্ত ঠিক কত টাকা উঠেছে তা কোথাও স্পষ্ট করে বলা হয়নি।

Be the first to comment