রোজদিন ডেস্ক : বাংলাদেশের ছাত্র নেতা ওসমান হাদি-র মৃত্যুর প্রেক্ষিতে উত্তপ্ত বাংলাদেশে পিটিয়ে মারা হল হিন্দু তরুণ দীপু চন্দ্র দাসকে। তাঁর বিরুদ্ধে ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগ তোলা হয়েছে। গতকাল রাতে ময়মনসিংহের ভালুকায় এই মর্মান্তিক ঘটনা হয়। নিহত তরুণ পোশাক কারখানায় কর্মী ছিলেন। অভিযোগ, সেখানেই তাঁকে পিটিয়ে খুন করার পর দেহে আগুন দিয়ে পোড়ানোর চেষ্টা হয়।
বাংলাদেশের ইউনুস সরকার এই ঘটনার তীব্র নিন্দা করেছে।
দেশে শান্তি বজায় রাখার আহবান জানিয়ে এক বিবৃতিতে তাঁরা ময়মনসিংহে হিন্দু তরুণকে পিটিয়ে মারার ঘটনার তীব্র নিন্দা করে বলেন, নতুন বাংলাদেশে এই ধরনের হিংসার কোনও স্থান নেই। এই নৃশংস অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড়া হবে না বলে হুঁশিয়ারি দেন। এই সঙ্কটময় মুহূর্তে সব নাগরিককে সরকার হিংসা, উসকানি ও ঘৃণাকে প্রত্যাখ্যানের আহবান জানান। প্রতিরোধের মাধ্যমে শহিদ ওসমান হাদির প্রতি যথাযথ সম্মান দেখাতে বলেন।
সূত্রের খবর, পিটিয়ে মারার পর দীপু চন্দ্র দাসের মৃতদেহ ময়মনসিংহের হাইওয়ের পাশে নিয়ে গিয়ে আগুন দেওয়া হয়। সমাজমাধ্যমে তা ছড়িয়ে পড়লে শুভবুদ্ধিসম্পন্ন মানুষজন শিউরে ওঠেন। পুলিশ অনেক পরে সেখানে যায় বলে অভিযোগ।
গত বছর শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ওই দেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার বেড়েছে। সীমান্ত পেরিয়ে অনেকেই এপারে চলে এসেছেন। মাঝে কিছু সময় একটু শান্ত থাকলেও ওসমান হাদির হত্যা এতে ঘৃতাহুতি দিয়েছে বলে অভিজ্ঞ মহল মনে করেন।

Be the first to comment