তৃণমূল ভবন কার? ভর সন্ধ্যায় নাটকীয় পরিস্থিতি নিয়ে উত্তেজনা চরমে

Spread the love

রোজদিন ডেস্ক : 
তৃণমূল ভবন কার? ইএম বাইপাসের পাশে সুদৃশ্য এই ভবনের দখল নিয়ে আজ সন্ধ্যায় তুমুল নাটকীয় পরিস্থিতি সৃষ্টি হয়। যা নিয়ে রাজনৈতিক মহলে তোলপাড় ওঠে।
ঘটনা র শুরু আজ সন্ধ্যায়। ঋতব্রত ব্যানার্জির নেতৃত্বে তাঁর অনুগামী বিধায়কদের বেশ কয়েকজন হঠাৎই তৃণমূল ভবনে আসেন। সেখানে তখন মমতাপন্থী তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ছিলেন। তিনি ঋতব্রতদের দেখে চলে যান।

ঋতব্রত তাঁর সঙ্গীসাথীদের নিয়ে ভবনে প্রবেশ করেন। খোশমেজাজে ঘরে বসেন। সেখানে মমতা ব্যানার্জির ছবিও ছিল। তাঁর সঙ্গে ফিরহাদ হাকিম, জাভেদ খান, সন্দীপন সাহা, প্রসূন ব্যানার্জি, সমর মুখার্জি, আখরুজ্জামান প্রমুখ ছিলেন। সাংবাদিকদের তাঁরা জোর দিয়ে বলেন, তাঁরাই আসল তৃণমূল, নিজেদের ভবনে এসেছেন। আগেও আসতেন, আজও এসেছেন।


অত্যন্ত কৌশলী ভঙ্গিতে ঋতব্রত ব্যানার্জি বলেন, মমতা ব্যানার্জি তাঁদের পরামর্শদাতা। ওঁকে স্বাগত। তাঁদের চেয়ারম্যান অরূপ রায়। তাঁরাই আসল তৃণমূল। এই নিয়ে সংশয়ের কিছু নেই।

ফিরহাদ হাকিমকে এই সব নিয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি কিছু বলেননি। বেশ কিছুক্ষণ ওখানে থেকে ঋতব্রত ব্যানার্জিরা চলে যান। যাওয়ার আগে তাঁরা দুটি বড় ব্যানার দরজায় টাঙিয়ে দেন। তার একটিতে মমতা ব্যানার্জির ছবি। অন্যটিতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস লেখা, যার চেয়ারম্যান অরূপ রায়। তাঁদের কর্মীরা দরজায় তালা দিয়ে চলে যান।

তাঁরা চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই কুণাল ঘোষ আসেন। ঘটনা চক্রে তিনি ওই এলাকার বিধায়কও। এরপর মদন মিত্র, বৈশ্বানর চ্যাটার্জি সহ একাধিক মমতাপন্থী নেতা, কর্মীদের ভিড় জমে। কুণাল ঘোষ তীব্র কন্ঠে বলেন, দখলদারির সংস্কৃতি চলছে। বিজেপি কে নিশানা করে তিনি জানান, সরকার ও পুলিশের প্রত্যক্ষ মদতে একজন বহিষ্কৃত (ঋতব্রত??) বিজেপির বি টিম হয়ে নেমেছে।

ওঁরা বিধায়ক হয়ে নিজের এলাকায় যান না কেন প্রশ্ন তোলেন কুণাল ঘোষ। বলেন, মমতা ব্যানার্জির ছবি নিয়ে ভোটে জিতে এখন তাঁরই পিঠে ছুরি বসানো হচ্ছে! তীব্র ভাষায় একের পর এক তোপ দাগেন তিনি।

এরই মধ্যে চলে আসে পুলিশও। আসে কেন্দ্রীয় বাহিনীও। পুরো এলাকা জুড়ে উত্তেজনা দেখা দেয়। রাত অবধি তা চলে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*