রোজদিন ডেস্ক :
পালাবদলের সঙ্গে পাল্লা দিয়ে রাজ্যে দল বদল ও চলছে। আজ কংগ্রেসে যোগ দিতে এসে তুমুল বাধা পেলেন তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর রেহানা খাতুন। যা নিয়ে বিধান ভবনে প্রদেশ কংগ্রেস কার্যালয়ে আজ তুলকালাম বাধে । ৪৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর রেহানা খাতুনকে দেখেই বিধান ভবনে উপস্থিত কংগ্রেস কর্মী সমর্থকরা ক্ষিপ্ত হয়ে ওঠেন, উচ্চ স্বরে চোর চোর ধ্বনি দেন, দেদার ডিমও ছোঁড়েন। রেহানা খাতুনের সঙ্গে আসা কর্মীদের সঙ্গে তাঁদের তুমুল বচসা প্রায় হাতাহাতির পর্যায়ে চলে যায়। বিধান ভবন জুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ কংগ্রেস কর্মীদের অভিযোগ, নিজের নানা অপরাধ থেকে রক্ষা পেতে কংগ্রেসে যোগ দিতে এসেছেন রেহানা খাতুন। তাঁরা কিছুতেই তা হতে দেবেন না।
প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, সুমন রায় চৌধুরী প্রমুখ এই ঘটনায় চরম অস্বস্তিতে পড়েন। বিক্ষুব্ধ কর্মী সমর্থকদের ক্ষোভ নিরসনে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার জানান, বিজেপি বিরোধীদের জন্য তাঁদের দরজা খোলা আছে ঠিকই, তবে রেহানা খাতুনের দলে যোগদান নিয়ে তাঁরা পরে সব দিক খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবেন।
প্রসঙ্গত রাজ্যে তৃণমূল সরকারের পতনের পর ওই দলের বহু কর্মী, সমর্থক কংগ্রেসে প্রায় নিয়মিতভাবে যোগ দিচ্ছেন। প্রদেশ কংগ্রেসের সদর দফতর, জেলা স্তরেও এই যোগদান চলছে।
কংগ্রেসের সাধারণ কর্মী সমর্থকদের বক্তব্য, তৃণমূল থেকে সাধারণ কর্মীরা যোগ দিলে তাঁদের আপত্তি নেই, কিন্তু নানা দুর্নীতি, অপরাধমূলক কাজে যুক্ত নেতাদের দলে নিতে তাঁদের আপত্তি আছে।
প্রদেশ কংগ্রেস নেতৃত্ব এতে অস্বস্তিতে। তাঁরা সব দিক ভেবে এই ধরনের যোগ দানে পদক্ষেপ করার কথা ভাবছেন।

Be the first to comment