রোজদিন ডেস্ক, কলকাতা:- অতিরিক্ত তাপ প্রবাহ থেকে রাজ্যবাসীকে স্বস্তি দিতে চলেছে আবহাওয়ার বদল। বঙ্গোপসাগরে ফের সক্রিয় নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মধ্য ও উত্তর বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে গভীর নিম্নচাপ, যা মঙ্গলবারের মধ্যেই শক্তি সঞ্চয় করতে পারে। এর প্রভাবেই চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, ২৮ মে বুধবার থেকেই মধ্য বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়ার গতি হতে পারে ঘণ্টায় ৩৫-৪৫ কিলোমিটার। ২৯ মে বৃহস্পতিবার থেকে এই ঝোড়ো হাওয়া ছড়িয়ে পড়তে পারে পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলেও। সমুদ্র উত্তাল হয়ে উঠতে পারে যে কোনও সময়। এই পরিস্থিতিতে বুধবার থেকেই মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।
আজ সোমবার সকাল থেকে ক্ষেপে ক্ষেপে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়ে চলেছে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকা জুড়ে। আজ দিনের শুরুতে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। বেলা যত গড়াবে, সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছবে প্রায় ৩০.৮ ডিগ্রি সেলসিয়াসে। দিনভর, গড় তাপমাত্রা থাকবে প্রায় ৩৮.৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আর্দ্রতা থাকবে প্রায় ৮১%।

Be the first to comment