রোজদিন ডেস্ক, কলকাতা:- হুগলি নদীর তীব্র স্রোতে ভেসে যাচ্ছিল ৬ নাবালক। কেবলমাত্র একটি মোটা থার্মোকলের টুকরো ধরে তারা মৃত্যুর সঙ্গে লড়াই করছিল। তড়িঘড়ি দেখতে পেয়ে এক মুহূর্তের জন্য ভাবনাচিন্তা না করে উদ্ধারের কাজে নেমে পড়েন কলকাতা পুলিশের প্রতিনিধি। সেই মুহূর্তে নদীতে টহলরত ছিলেন এএসআই মানিক দে। তাঁর দ্রুত প্রতিক্রিয়া এবং সাহসিকতায় অল্পের জন্য রক্ষা পেল ওই ৬ জনের প্রাণ।
রবিবার আনুমানিক পৌঁনে তিনটে নাগাদ কলকাতার এনএস ডকের কাছাকাছি হুগলি নদীতে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। টহলের দায়িত্বে থাকা এএসআই মানিক দে আচমকা দেখতে পান ৬ জন কিশোর নদীর প্রবল স্রোতের মধ্যে একটি থার্মোকলের ভাসমান টুকরো ধরে ভেসে যাচ্ছে। তৎক্ষণাৎ সংকটের আশঙ্কায় তিনি উদ্ধারে নেমে যান। মুহূর্তের মধ্যে কোনো ব্যবস্থা না নিলে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে ভেবে কোনওরকম দেরি না করে সঙ্গে সঙ্গে লঞ্চের কর্মীদের খবর দেন। উদ্ধার অভিযান শুরু করেন এবং আনুমানিক তিনটে নাগাদ সবাইকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন।

Be the first to comment