রোজদিন ডেস্ক, কলকাতা:- ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্য এবং সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা বিভিন্ন দেশে গিয়ে তুলে ধরছে ভারতের প্রতিনিধি দল। জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুরের পরে এ বার ইন্দোনেশিয়ায় পৌঁছেছে জেডিইউ দলের সাংসদ সঞ্জয় ঝায়ের নেতৃত্বে সাত সদস্যের দল। সেই দলেই রয়েছেন বাংলার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ইন্দোনেশিয়া সফরে দিনের শেষে এক্স হ্যান্ডলে অভিষেক লেখেন, ‘আজ আমরা জাকার্তায় একটি গুরুত্বপূর্ণ বৈঠকে ছিলাম, যেখানে আমাদের দেশের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লৌহমুষ্টি নীতির কথা তুলে ধরা হয়েছে।’ ইন্দোনেশিয়ায় আসিয়ান (ASEAN)-এর মহাসচিব কাও কিম হর্নের সঙ্গে সাক্ষাৎ করে প্রতিনিধি দল। সন্ত্রাসবাদের বিরুদ্ধে যৌথ প্রচেষ্টার ব্যাপারে জোর দিয়েছেন কাও কিম।
প্রসঙ্গত, এর আগে ‘অপারেশন সিঁদুরে’-এর সাফল্য এবং সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা তুলে দিতে সিঙ্গাপুরের এক বক্তৃতা সভায় জোরালো বার্তা দিতে দেখা যায় তৃণমূল সাংসদকে। সেখানে অভিষেক বলেন, ‘আমি হয়তো দেশের শাসক দলের সঙ্গে একমত নই, আমি ওদের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে লড়াই করব। কিন্তু যখন দেশের জাতীয় নিরাপত্তার বিষয় আসে, তখন দেশের স্বার্থই আমার একমাত্র অগ্রাধিকার। আমার রাজনৈতিক স্বার্থকে আমি কখনও জাতীয় স্বার্থের পথে বাধা হতে দেব না।’
এ ছাড়া ইন্দোনেশিয়ার উপবিদেশমন্ত্রী আরিফ হাভাস ওগ্রোসেনোর সঙ্গেও বৈঠক করেছেন অভিষেকরা। আঞ্চলিক শান্তি, নিরাপত্তা এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার পথকে আরও প্রশস্ত করার বিষয়ে আলোচনা হয়েছে তাঁদের। পাশাপাশি ইন্দোনেশিয়ার ‘ইন্টার পার্লামেন্টারি কোঅপারেশন’ সহসভাপতি মুহাম্মদ হুসেন ফাদলুল্লোহ এবং ইন্দোনেশিয়া-ভারত ‘পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ’-এর চেয়ারপার্সন মুহাম্মদ রফিকির সঙ্গেও সাক্ষাৎ করেছেন অভিষেক এবং অন্য সাংসদের। সমাজমাধ্যমে অভিষেক জানিয়েছেন, পহেলগাঁও কাণ্ডের পরে ভারতের দৃঢ় অবস্থানের কথা সাংসদেরা তুলে ধরেছেন তাঁদের কাছে।

Be the first to comment