রোজদিন ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে কামারহাটির বিধায়ক মদন মিত্রকে ১০ কোটি টাকার আইনি নোটিশ ধরালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। একুশে জুলাই অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনজীবী মারফত ই-মেইল ও স্পিড পোস্টে এই মানহানির নোটিশ পাঠিয়েছেন। নোটিশে উল্লেখ করা হয়েছে, গত ১৯ জুলাই রাত ৯:৪০ থেকে ১০:০০টা নাগাদ মদন মিত্র তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে প্রায় ৮ মিনিটের একটি লাইভ করেন। ওই লাইভে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন বিধায়ক। ওই লাইভের ৬ মিনিট ৫৫ সেকেন্ডের মাথায় তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একজন ‘অপরাধী’ ও ‘খুনি’ বলে অভিযোগ করেন। নোটিশে অভিযোগ করা হয়েছে, টাকা দিয়ে বা ‘সুপারি’ দিয়ে মানুষ খুন করানো এবং অপরাধমূলক মানসিকতা থাকার মতো সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া অভিযোগ তোলা হয়েছে তাঁর বিরুদ্ধে, যা তাঁর রাজনৈতিক ভাবমূর্তি ও মর্যাদা ক্ষুণ্ণ করেছে। নোটিশে দুটি শর্ত দেওয়া হয়েছে। সঙ্গে তিন দিন বা ৭২ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। বলা হয়েছে, প্রথমতঃ লিখিত এবং ভিডিও বার্তার মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে ওই বিধায়ককে। আর দ্বিতীয়তঃ ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তির অপপূরণীয় ক্ষতির জন্য ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে।

Be the first to comment