রোজদিন ডেস্ক, কলকাতা:- কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির পোর্টাল চালু হলো। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এই কথা জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বুধবার সকাল ১০টা থেকে আবেদন করতে পারবেন পড়ুয়ারা। ব্রাত্য বলেন, ‘অনলাইনে স্বচ্ছতার সঙ্গে ভর্তি প্রক্রিয়া চলবে। প্রথম পর্যায়ে আবেদন করা যাবে ১ জুলাই পর্যন্ত।’
আদালতের নির্দেশে ওবিসি সংরক্ষণ তালিকা নিয়ে তৈরি হয়েছিল জট। তা কাটানো গিয়েছে। এরপরই মঙ্গলবার কলেজে ভর্তির পোর্টাল চালুর কথা ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী। ব্রাত্য বসু জানালেন, ১৮ জুন সকাল ১০টা থেকে আবেদন করা যাবে। প্রথম পর্যায়ের আবেদনের শেষ তারিখ ১ জুলাই। পোর্টালে আবেদন করতে হলে প্রথমে সমস্ত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর ইউজার নেম ও পাসওয়ার্ড পেলে তারপর লগইন। একবারে সর্বাধিক ২৫টি কলেজে আবেদন করা যাবে। একাধিক বিষয়ে আবেদন করা যাবে। আবেদনের শেষদিন পর্যন্ত বিষয় বা কলেজ বদল করা যাবে। মেধা তালিকা অনুযায়ী আসন বণ্টন হবে। পাশাপাশি, শিক্ষামন্ত্রী জানান, পোর্টালেই সমস্ত তথ্য মিলবে। এসএমএস ও ইমেলের মাধ্যমে মিলবে সমস্ত আপডেট। অ্যাডমিশন ফি দেওয়ার সময় গেটওয়ে চার্জ দেবে সরকার। প্রভিশনাল অ্যাডমিশনে সশরীরে হাজিরার দরকার নেই। শিক্ষার্থীদের সহায়তায় পোর্টালে থাকছে এআই চ্যাটবট ‘বীণা’। আবেদনের সময়সীমা পার হলে একটি নির্দিষ্ট সময়ে সবকটি কলেজের সবকটি বিষয়ে সিস্টেম জেনারেটেড মেধা তালিকা প্রকাশিত হবে। তারপর পোর্টালের মাধ্যমে টাকা জমা করে ভর্তি হওয়া যাবে কলেজে।

Be the first to comment