অপারেশন সিঁদুরের পর তিন বাহিনী নিয়ে বিশেষ সিদ্ধান্ত নিল কেন্দ্র

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- সংঘর্ষবিরতি অব্যাহত থাকলেও এখনও ভারত-পাক উত্তেজনাকর পরিস্থিতি বজায় রয়েছে। এমতাবস্থায় দেশের তিন বাহিনী নিয়ে বিশেষ সিদ্ধান্ত নিল কেন্দ্র। বুধবার কেন্দ্রের তরফে জানানো হয়েছে, স্থল, বায়ুসেনা ও নৌ বাহিনী একত্রিত হয়ে কাজ করবে। ‘যৌথ কমান্ড’-এর মাধ্যমে পরিচালিত হবে ভারতের তিন বাহিনী। ২৭ মে থেকে নয়া নিয়ম জারি করেছে কেন্দ্র।
প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ইন্টার সার্ভিস অর্গানাইজেশন (কমান্ড, নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা) অ্যাক্ট ২০২৩-এর অধীনে সশস্ত্র বাহিনী যাতে আরও সুষ্ঠভাবে কাজ করতে পারে তার জন্যই এই পদক্ষেপ। প্রতিরক্ষাকে আরও জোরদার করতে এই পদক্ষেপ। ২০২৩ সালের বাদল অধিবেশনে সংসদের দুই কক্ষে ইন্টার সার্ভিস অর্গানাইজেশন অ্যাক্ট বিল পাশ হয়। এরপর রাষ্ট্রপতির অনুমোদনের পর ২০২৪ সালের ১০ মে তা আইনে পরিণত হয়। আইএসও’র কমান্ডার-ইন-চিফ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের হাতে সমগ্র বাহিনীর কর্মীদের নেতৃত্ব দেওয়ার ও পরিচালনা করার ক্ষমতা তুলে দেয় এই আইন।
২২ এপ্রিল থেকে শুরু। পহেলগাঁওয়ে বৈসরনে জঙ্গিদের গুলিতে প্রাণ হারান ২৬ জন। এরপর থেকেই ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েছে। পালটা ৬ মে রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গিঘাঁটিতে ‘অপারেশন সিঁদুর’ অভিযানে নামে ভারত। গুঁড়িয়ে দেওয়া হয় জঙ্গিদের ঘাঁটি। সেইসময় ওই অভিযান সফল করতে একসঙ্গে কাজ করেছিল ভারতের তিন বাহিনী। আর এবার থেকেও একসঙ্গে কাজ করবে তারা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*