রোজদিন ডেস্ক, কলকাতা:- সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আগামী ৩১ মের মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে চলেছে রাজ্য সরকার। মঙ্গলবার নবান্নের বৈঠক থেকে একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর ফুঁসে উঠলেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। বুধবার সকালে কালীঘাটের সামনে জমায়েতে হয়ে তুমুল বিক্ষোভ দেখালেন তাঁরা। বিক্ষোভকারীদের ধরপাকড় করে তোলা হল প্রিজন ভ্যানে।
ইউনাইটেড টিচিং এন্ড নন টিচিং ফোরামের সদস্যরা এদিন হাজরা মোড় জমায়েত হয়ে মুখ্যমন্ত্রীর বাড়ি অর্থাৎ কালীঘাটের দিকে রওনা দেন। সেখানে পৌঁছতেই তাঁদের বাধা দেয় পুলিশ। পুলিশের বাধা অতিক্রম করে তাঁরা এগিয়ে যেতে চাইলে তুমুল বচসা শুরু হয়। এরপর তাঁদের আটক করে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে হাজরা মোড়ে তীব্র উত্তেজনাও সৃষ্টি হয়।
ফোরামের এক সদস্য বলেন, ‘নিয়োগে দুর্নীতির অভিযোগে প্রথমে যোগ্যদের যে ১৭,২০৬ জনের তালিকার কথা বলা হয়েছিল সেখানে আমাদের নাম ছিল। কিন্তু নতুন যে তালিকাগুলো এসএসসি ডিআই অফিসে পাঠাচ্ছে সেখানে ১হাজার ৮০৩ জনকে বাদ দিয়ে নতুন করে ১৫ হাজার ৪০৩ জনের তালিকা প্রস্তুত করেছে কমিশন। কী কারণে নাম বাদ দেওয়া হল তা স্পষ্ট করা হয়নি।’
পাশাপাশি আরও এক সদস্য বলেন, ‘মুখ্যমন্ত্রী বলছেন, সমস্ত শিক্ষক শিক্ষিকারা স্কুলে যাচ্ছেন। কিন্তু আমরা মুখ্যমন্ত্রীকে সেটাই জানাতে এসেছিলাম, যে আমরা স্কুলে যাচ্ছি না। আমরা ১৮০৩ জন স্কুলে যাচ্ছি না। আমাদের যে ওএমআর ইস্যু, তা প্রমাণিত নয়। আমাদের স্কুলে যেতে দিচ্ছে না। ডিআই অফিস থেকে নাম দেওয়া হয়নি।’

Be the first to comment