রোজদিন ডেস্ক : দ্বাদশ শ্রেণির এক ছাত্র কানে দুল পরে স্কুলে এসেছিল। স্কুলেরই এক শিক্ষাকর্মী তা নিয়ে বকাবকি করেন ওই ছাত্রকে। দুল খুলে ফেলতে বলেন। তাতেই রাগ হয় তার। অভিযোগ, এর পরেই দলবল নিয়ে ওই শিক্ষাকর্মীর উপর চড়াও হয়। রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে ওই ছাত্র ও তার সঙ্গীদের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটে লিলুয়ার টিআরজিআর খেমকা হাইস্কুলে। এই ঘটনায় লিলুয়া থানায় অভিযোগ দায়ের করেছেন স্কুল কর্তৃপক্ষ।জানা গেছে ঘটনার সূত্রপাত গত শুক্রবার। লিলুয়ার রবীন্দ্র সরণিতে টিআরজিআর খেমকা হাইস্কুলের দ্বাদশ শ্রেণির আর্টসের এক ছাত্র কানে দুল পরে স্কুলে এসেছিল। টিফিনের সময়ে এই নিয়ে স্কুলের এক শিক্ষাকর্মী তাকে বকাবকি করেন।
অভিযোগ, ঘটনার ঠিক পরের দিন ওই শিক্ষাকর্মী যখন স্কুল থেকে বাড়ি ফিরছিলেন, স্থানীয় ঝিল রোডে তাঁর পথ আটকায় ওই ছাত্র। সঙ্গে আরও বেশ কয়েকজন ছিল। বাঁশ, লাঠি নিয়ে ওই শিক্ষাকর্মীর উপরে তারা চড়াও হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্কুলের শিক্ষকরা। আক্রান্ত শিক্ষাকর্মীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Be the first to comment