রোজদিন ডেস্ক : রথযাত্রার আগেই পুরুলিয়ার বাসিন্দাদের জন্য সুখবর। সোমবার SBSTC নতুন বাস পরিষেবা চালু করল পুরুলিয়া থেকে দিঘা পর্যন্ত। এই রুটে এতদিন ধরে বেসরকারি একটি বাস থাকলেও সরকারি কোনও বাস ছিল না।
জানা গেছে, প্রতিদিন একটি বাস পুরুলিয়া থেকে সকাল ৬:৪৫ মিনিটে ছাড়বে এবং দিঘায় পৌঁছবে দুপুর ৩ টে নাগাদ। ওই দিনই আরেকটি বাস দিঘা থেকে ৬:৪৫ মিনিটে ছাড়বে এবং পুরুলিয়ায় পৌঁছবে দুপুর ৩টে নাগাদ।
দিঘায় সদ্য তৈরি হয়েছে জগন্নাথ মন্দির। সামনেই রথযাত্রা। তার আগে থেকেই সমুদ্র সৈকতের পাশাপাশি জগন্নাথ মন্দির দর্শন করতে বাসে, ট্রেনে করে প্রতিদিনই রওনা দিচ্ছেন পুরুলিয়ার বহু মানুষ। নতুন বাস পরিষেবা পর্যটকদের বাড়তি সুবিধা দেবে বলেই মনে করা হচ্ছে।
দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (দক্ষিণবঙ্গ) চেয়ারম্যান সুভাষ মণ্ডল বলেন, ‘মানুষ যাতে কম খরচে দিঘায় পৌঁছতে পারে, সেই কারণে এই রুটে বাস চালু করা হলো।’ পুরুলিয়া ছাড়াও পরবর্তীকালে বাঁকুড়া ও ঝাড়গ্রাম থেকেও দিঘাগামী বাস চালু করা হবে বলে জানান তিনি।

Be the first to comment