#মি_টু ঝড়ে বেসামাল বলিউড। যত দিন যাচ্ছে অভিযুক্তের তালিকায় নামের সংখ্যা বেড়েই চলেছে। বলিউডের প্রথম সারির পরিচালক থেকে অভিনেতা অনেকের নামেই উঠেছে অভিযোগ। আর এই বিতর্কে নাম জড়িয়েছে বলিউডের ‘সংস্কারী বাপু’ অলোক নাথেরও। তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন বিখ্যাত টেলিভিশন লেখিকা, প্রযোজক ও পরিচালক বিনতা নন্দা। পুলিশে অভিযোগও দায়ের করেন তিনি।
যৌন হেনস্থার অভিযোগে অলোক নাথের নাম জড়ানোর পরেই তাঁকে নির্দোষ প্রমাণ করতে পাশে দাঁড়ান অলোক নাথের স্ত্রী। বিনতার বিরুদ্ধে স্থগিতাদেশ জারি করার জন্য মামলাও করেন অলোক নাথের স্ত্রী। শুক্রবার এই মামলাই খারিজ করে দিল মুম্বইয়ের দিনদোশী সেশন কোর্ট। আদালত এ দিন জানিয়েছে, বিনতার উপর কোনও রকম স্থগিতাদেশ জারি করা যাবে না। অলোক নাথের স্ত্রী আবেদন করেছিলেন যাতে মিডিয়ার সঙ্গে কথা বলা এবং অলোক নাথের বিরুদ্ধে মন্তব্য করার ব্যাপারে বিনতার উপর স্থগিতাদেশ জারি করা হয়। এই আবেদনই শুক্রবার খারিজ করেছে আদালত।
অলোক নাথ মহিলাদের যৌন হেনস্থা করেছেন, এ খবর সামনে আসার পরে হতবাক হয়েছিল গোটা বলিউড। অবাক হয়েছিলেন অলোক নাথের অনুরাগীরাও। সবার প্রথমে অলোক নাথের বিরুদ্ধে মুখ খুলেছিলেন বিনতা। তারপর একে একে অলোক নাথের বিরুদ্ধে সরব হয়েছিলেন বলিউডের বহু তারকা। সকলের একটাই বক্তব্য। মদ্য অবস্থায় ভয়ঙ্কর হয়ে ওঠেন অলোক নাথ। কী করছেন, কী বলছেন কোনও হুঁশই থাকে না এই বর্ষীয়ান অভিনেতার।
যদিও ২০ বছর আগে ঘটা এই ঘটনা প্রসঙ্গে এক সর্বভারতীয় সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে অলোক নাথ জানিয়েছেন, ” আমি এই অভিযোগ স্বীকারও করছি না, আবার অস্বীকারও করছি না। বিনতার সঙ্গে ধর্ষণ হয়ে থাকতেই পারে। কিন্তু সেটা অন্য কেউ করেছে। আমি এই বিষয়ে বেশি কথা বলতে চাই না, কারণ যত কথা হবে তত বিষয়টা বাড়বে।” তিনি আরও জানান, ” এক সময় ও ( পড়ুন বিনতা ) নিজেকে এত ভালো বন্ধু বলত। আজ ও এত বড় অভিযোগ করছে। বিনতা আজ যে জায়গায় পৌঁছেছে সেটা আমার জন্যই। আজকের দিনে কোনও অভিযোগে প্রতিক্রিয়া দিয়ে লাভ নেই। কারণ এখন মেয়েরা যা বলে, সবাই সেটাকেই সত্যি ধরে নেয়। তাই এই পরিস্থিতিতে কিছু বলা ঠিক হবে না।”

Be the first to comment