বিক্ষোভকারীদের ছোড়া পাথরের আঘাতে মৃত্যু হয়েছে বাইশ বছরের এক জওয়ানের। শুক্রবার ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে।
সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, অনন্তনাগের কাছে বাইপাস দিয়ে যাচ্ছিল ভারতীয় সেনাবাহিনীর কনভয়। সেই সময় আচমকাই ওই কনভয় লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে বিক্ষোভকারীরা। পাথরের আঘাতে মৃত্যু হয় রাজেন্দ্র সিং নামের এক জওয়ানের। গুরুতর আহত হওয়ার পর দ্রুত তাঁকে মেডিক্যাল পরিষেবা দেওয়া হয়। তবে শেষ পর্যন্ত লড়াইয়ে হেরে গিয়েছেন তিনি। উত্তরাখণ্ডের বাসিন্দা রাজেন্দ্র ২০১৬ সালে সেনাবাহিনীতে যোগদান করেন। তিনি ছিলেন বর্ডার রোড অর্গানাইজেশন টিমের সদস্য।
শুক্রবার সকাল থেকেই উত্তপ্ত ছিল উপত্যকা। সোপোর এলাকায় শুরু গুলির লড়াই। সেনা-জঙ্গি সংঘর্ষে মারা যান এক জওয়ান।
এই ঘটনার একদিন আগেই বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ কাশ্মীরের ত্রাল সেক্টরে ৪২ নম্বর রাষ্ট্রীয় রাইফেল ক্যাম্পে হামলা চালায় জঙ্গিরা। সেনা ক্যাম্প লক্ষ্য করে প্রথমে গুলি এবং তারপর গ্রেনেড ছোড়ে জঙ্গিরা। এই ঘটনায় মৃত্যু হয় এক জওয়ানের। সেনাবাহিনীর তরফে জানানো হয়, জঙ্গিরা এলোপাথাড়ি গুলি ছোড়ায় মাথায় গুলি লাগে ওই জওয়ানের। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। জঙ্গিদের গুলিতে জখম হন আরও এক জওয়ান।

Be the first to comment