Amit Shah শনিবার কলকাতা আসছেন, বেলুড় সহ একাধিক মন্ডপে যাবেন

Spread the love

রোজদিন ডেস্ক : 
স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আগামী শনিবার কলকাতা আসছেন। ওইদিন সন্ধ্যায় এখানে এসে তিনি আলিপুরে সৌজন্য অতিথিশালায় রাতে থাকবেন। পরদিন বেলুড় মঠ সহ একাধিক পুজো মন্ডপ পরিদর্শন করবেন। সূত্রের খবর, বেলুড় মঠে বেশ কিছুক্ষণ থেকে যাবেন বালির একটি পুজোয়। সেখান থেকে কলকাতার অতিথিশালায় এসে চেতলার একটি মন্ডপ ঘুরে শোভাবাজার রাজবাড়িতে যাবেন। ওখানে পুজো, আরতি দর্শন করার পর শ্রীভূমির মন্ডপে যাবেন। ওখান থেকেই বিমানবন্দর হয়ে রাতেই তাঁর দিল্লি ফিরে যাওয়ার কথা আছে।
উল্লেখ্য, একসময় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর পুজো হিসাবে পরিচিত শ্রীভূমির পুজো প্রথম উদ্বোধন করতেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবার দাপুটে প্রাক্তন মন্ত্রী দুর্নীতির দায়ে জেলে। আজ তাঁর জামিনের আবেদনও খারিজ হয়ে গেছে।
রাজ্যে পালাবদলের পর প্রথম দুর্গাপূজোয় বিজেপি শিবিরে আনন্দ উচ্ছাসের কার্যত বন্যা বইছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অক্লান্ত ভাবে একের পর এক পুজো উদ্বোধন করছেন। মহালয়ায় ইডেন গার্ডেনে মহা সমারোহে পুজোর সূচনা করেছেন। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রীর সেখানে আসার কথা থাকলেও তাঁরা আসতে পারেন নি। তবে অমিত শাহ আসছেন। গতবার ও তিনি সন্তোষ মিত্র স্কোয়ারে সজল ঘোষের পুজো উদ্বোধন করেছিলেন। এবার ওখানে যাওয়ার কর্মসূচি তাঁর নেই বলে জানা যায়।
শুক্রবার পঞ্জিকা মতে ষষ্ঠী হলেও কলকাতা, শহরতলি সহ রাজ্যে বহু মন্ডপে প্রতিমা এসে গেছে। আলোয় ঝলমলিয়ে উঠেছে বহু মন্ডপ। পুজো দেখতে বেরিয়ে পড়েছেন বহ মানুষ ই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*