রোজদিন ডেস্ক :
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিরোধী ইন্ডিয়া জোটের সম্মিলিত লড়াই চলবে, তবে নবরাত্রি উৎসবের সময় পথে নেমে এখন আর প্রতিবাদ নয়। আজ বিরোধী নেতা রাহুল গান্ধীর বাসভবনে ইন্ডিয়া জোটের নেতারা চা চক্রে মিলিত হন। সূত্রের খবর, সেখানে ঠিক হয়, আপাতত নবরাত্রি উৎসবের সময় পথে নেমে প্রতিবাদ নয়, তবে লড়াই তাঁদের জারি থাকবে। তাঁদের দাবির সমর্থনে যেভাবে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে সাড়া দিয়ে পথে নেমেছেন, এতে আপ্লুত তাঁরা, বিশেষত গতকাল তাঁদের শীর্ষ আদালত অভিযানে দিল্লির রাজপথে যে জন প্লাবন দেখা গেছিল, স্মরণ কালে তা বিরল বলে অভিজ্ঞ মহল মনে করেন।
আজ রাহুল গান্ধী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারদের ঘিরে জাল গুটিয়ে আসছে। এই চাপ যে তাঁরা ক্রমে আর ও বাড়াবেন, তার রূপরেখা নিয়ে আজ কিছু বলেন নি তিনি। তবে বিরোধী দের এই সম্মিলিত লড়াই চলবে বলে ইঙ্গিত দেন।
তাঁর সঙ্গে গলা মিলিয়ে একই বার্তা দেন তেজস্বী যাদব, সুপ্রিয়া সুলে, সঞ্জয় রাউত, সাগরিকা ঘোষ প্রমুখ। আইসা নেত্রী নেহা বোরাও আজ এই বৈঠকে ছিলেন, তিনিও সম্মিলিত ভাবে এই লড়াই চলবে বলে দৃপ্ত কন্ঠে জানিয়ে দেন৷
রাহুল গান্ধীর এই চা চক্রে তাঁর মা তথা কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, জন ব্রিটাস, শশি থারুর, সচিন পাইলট, যোগেন্দ্র যাদব, প্রশান্ত ভূষন প্রমুখ উপস্থিত ছিলেন। জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে পরে বলেন, খুব সম্ভব এই প্রথম রাজধানীতে এত জন দেশ বাঁচানোর লড়াই-এ সামিল হয়েছেন। আগামী দিনে এই লড়াই কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে, পরে তা জানানো হবে।
বিরোধী নেতা রাহুল গান্ধী বলেন, এই লড়াই-এ দেশের বিচার ব্যবস্থা, শীর্ষ আদালতের প্রধান বিচারপতিরও ভূমিকা আছে। তাঁরা নিজেদের ভূমিকা সঠিকভাবে পালন করবেন বলে তাঁর আশা। রাজনৈতিক বাধা থাকবে, মানুষের সদিচ্ছা ও থাকবে। তাঁরা জয়ী হবেন বলে প্রত্যয়ের সঙ্গে বলেন। তাঁরা সবাই একজোট। একটাই কর্মসূচি। তা হোল দেশের গণতন্ত্র ও সংবিধানকে রক্ষা করা।
প্রধানমন্ত্রী ও তাঁর সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে রাহুল গান্ধী বলেন, দেশে গণতন্ত্র ধ্বংস হয়েছে। ভোট ধ্বংস হয়েছে। যন্তর মন্তরে বিক্ষোভ অবস্থান বন্ধের পুলিশি ফতোয়ার তীব্র সমালোচনা করেন তাঁরা।
তরুণ নেত্রী নেহা বোরা বলেন, তাঁদের সবার একটাই শত্রু, বিজেপি।
গতকালের শীর্ষ আদালত অভিযানের সাফল্যে তাঁরা যে উজ্জীবিত তার স্পষ্ট ইঙ্গিত মেলে।

Be the first to comment