রোজদিন ডেস্ক : আনন্দপুরের (anandapur) এক নামী বিলাসবহুল আবাসনের উনিশ তলা থেকে নীচে পড়ে মর্মান্তিক মৃত্যু হল এক বধূর। সঞ্চিতা আগরওয়াল (৪৪) নামের এই মহিলার মৃত্যু ঘিরে ব্যাপক রহস্য দানা বেঁধেছে। দুই কন্যার মা সঞ্চিতা আত্মহত্যা করেছেন বলে তাঁর প্রতিবেশীরা বিশ্বাস করতে পারছেন না। মার সঙ্গে মেয়েরা খুবই ঘনিষ্ঠ ছিল বলে তাঁরা জানান। উচ্চবিত্ত পরিবারের শান্ত স্বভাবের এই বধূ আজ কাকভোরে উনিশ তলার বারান্দা থেকে নীচে পড়ে যান। আচমকা এই মর্মান্তিক ঘটনায় আবাসনে শোকের ছায়া নামে। মৃতদেহর ময়নাতদন্তের পর সঠিক কারণ জানা যাবে বলে পুলিশ মনে করে। তাঁরা পরিবারের অন্যদের জিজ্ঞাসাবাদ করছেন। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। পুলিশ পুরো বিষয় তদন্ত করছে।

Be the first to comment