রোজদিন ডেস্ক : সাম্প্রতিক বিদ্রোহে উত্তাল নেপালে ক্রমে প্রভাব বাড়াচ্ছে চিন? কাঠমান্ডু (Kathmandu) বাজারে চিনা টাকা ব্যবহার হচ্ছে বলে রাজ্যের গোয়েন্দা সূত্রের খবর। দিল্লিতেও এই সম্পর্কে রিপোর্ট পাঠানো হয়েছে বলে নির্ভর যোগ্য সূত্রে জানা যায়। প্রতিবেশী নেপালের সংগে রাজ্যের সীমান্ত এলাকা অনেকটাই বিস্তৃত। সেখানে অতন্দ্র প্রহরা অব্যাহত। আরও বেশি সংখ্যক এসএসবি সেখানে মোতায়েন করা হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে নেপাল নিয়ে কেন্দ্র ও রাজ্য সমন্বয় বজায় রেখে চলেছে। বিশেষত উত্তরবঙ্গের চিকেন নেকের ওপর চিনের নজর বহুদিনের। নেপাল সীমান্তের এই গুরুত্বপূর্ণ এলাকায় চিন যাতে কোন ভাবেই প্রভাব না ফেলতে পারে সেই বিষয়ে সদা সতর্ক রাজ্য, কেন্দ্রও। নেপালের বর্তমান পরিস্থিতি তে তাই সামগ্রিকভাবেই সীমান্তে নজরদারি কঠোর করা হয়েছে।
নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ওলির চিন ঘনিষ্ঠতার প্রভাব এখনও পড়শি দেশে যথেষ্টই আছে বলে গোয়েন্দারা মনে করেন। বর্তমান পরিস্থিতিতে চিন তা আরও বৃদ্ধির পরিকল্পনা করছে কিনা সেদিকে নজর রাখছে কেন্দ্র। এই সব নিয়ে রাজ্যের দক্ষ গোয়েন্দাদের তথ্যের ওপর ও আস্থা আছে তাদের।
সম্প্রতি দু-দিনের কলকাতা সফরে এসে প্রকাশ্যে মুখ খোলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রতিবেশী বিহারে একাধিক জনসভা করলেও এখানে বিজয় দুর্গে সেনাবল সম্মেলন উদ্বোধন করা ছাড়া কোন সভা সমাবেশ করেননি। নেপালের বর্তমান পরিস্থিতি নিয়ে কেন্দ্র ও রাজ্যের পারস্পরিক সমন্বয় রক্ষাই এর কারণ বলে অভিজ্ঞ মহল মনে করেন।

Be the first to comment