রোজদিন ডেস্ক : অন্নপূর্ণা যোজনা-সহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা মানুষ যথাযথ ভাবে পাচ্ছেন কিনা তা নিশ্চিত করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শহরের প্রতিটি ওয়ার্ডে ‘অন্নপূর্ণা বাহিনী’ গড়ে তোলার আহ্বান জানালেন। মঙ্গলবার আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে দক্ষিণ কলকাতা মহিলা মোর্চার এক অনুষ্ঠানে তিনি বলেন, প্রতিটি ওয়ার্ডে ঘুরে ঘুরে এরা খোঁজ নেবেন উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা। কোথাও কেউ বঞ্চিত হলে বা কোনও অনুপযুক্ত ব্যক্তি সুবিধা পেয়ে থাকলে তা সরকারকে জানাতে হবে প্রতিটি ওয়ার্ডে ‘অন্নপূর্ণা বাহিনী’ গড়ে তুলে সরকারের সহযোগী হিসেবে কাজ করতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, ১৭ অগাস্ট থেকে অন্নপূর্ণা যোজনার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ২০ অগাস্টের মধ্যে দক্ষিণ কলকাতার ৫৩ হাজারেরও বেশি উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। রাজ্যজুড়ে প্রথম দফায় ১ কোটি ৪৫ লক্ষ মহিলাকে এই প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে এবং অধিকাংশের অ্যাকাউন্টে ইতিমধ্যেই টাকা পাঠানো হয়েছে।
লক্ষ্মীর ভাণ্ডারের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী দাবি করেন, পূর্বতন সরকারের আমলে রাজনৈতিক কারণে বহু মহিলাকে বাদ দেওয়া হয়েছিল। অথচ, মৃত, নিখোঁজ, অনুপ্রবেশকারী থেকে নিয়ে এমনকি পুরুষদের নামও উপভোক্তা তালিকায় ছিল বলে তিনি অভিযোগ করেন। সেই কারণেই অন্নপূর্ণা যোজনায় বিস্তৃত যাচাই করা হয়েছে বলে জানান তিনি। তাঁর দাবি, সরকারের লক্ষ্য হল সরকারি অর্থ যেন প্রকৃত উপভোক্তার হাতেই পৌঁছায়। মুখ্যমন্ত্রী আরও বলেন, অন্নপূর্ণা যোজনা বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। প্রথমে এই প্রকল্পের জন্য বাজেটে ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হলেও বর্তমানে উপভোক্তার সংখ্যা বেড়ে যাওয়ায় বছরে প্রায় ৪৮ হাজার কোটি টাকা ব্যয় হতে পারে বলে জানান তিনি।

Be the first to comment