মোস্ট ওয়ান্টেড হিজবুল জঙ্গি আনসার-উল-হক গ্রেফতার। মঙ্গলবার রাতে দিল্লি বিমানবন্দর থেকে আনসারকে গ্রেফতার করে পুলিশ।জম্মু-কাশ্মীরের সিআইডি অফিসার খুনে অভিযুক্ত আনসার দিল্লিতে কয়েকদিন ধরে গা ঢাকা দিয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে আনসারকে গ্রেফতার করে পুলিশ।
দিল্লি পুলিশের স্পেশাল সেল আনসারকে ধরতে গোপনে তল্লাশি অভিযান চালায়। তবে, খবর আসে দিল্লি থেকে ২দিন আগেই পালিয়ে গিয়েছে আনসার। মঙ্গলবার সকালেই ফের হিজবুল জঙ্গির দিল্লি আসার খবর পায় পুলিশ। রাতে বেঙ্গালুরু থেকে দিল্লি বিমানবন্দরে নামতেই জঙ্গিকে গ্রেফতার করা হয়।
প্রসঙ্গত, ৩০ অক্টোবর জম্মু-কাশ্মীরের সিআইডি ইন্টালিজেন্স অফিসার ইমতিয়াজ আহমেদ মীরকে খুন করে আনসার। ইমতিয়াজ আহমেদকে অপহরণের পর তাঁকে খুন করা হয়। তারপরই গা ঢাকা দেয় আনসার। আনসারকে খুঁজতে তার পোস্টারও ছড়িয়ে দেয় দিল্লি ও জম্মু-কাশ্মীর পুলিশ।
এদিকে মঙ্গলবারই রাজধানীতে ২ জঙ্গির ঢোকার খবর পায় দিল্লি পুলিশ। শহরের বুকেই তারা ঘুরে বেড়াচ্ছে বলে খবর আসে। দুই জঙ্গির ছবি প্রকাশ করে মানুষকে সতর্কও করা হয় ।

Be the first to comment